প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ জুন ২০২৪ ১৩:৩৯ পিএম
আপডেট : ১০ জুন ২০২৪ ১৩:৫১ পিএম
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত
টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে রবিবার সন্ধ্যায় শপথগ্রহণ করেছেন নরেন্দ্র মোদি। এসময় শপথ পাঠ করেন তার নতুন মন্ত্রিসভার সদস্যরাও। শপথগ্রহণের পর আজ নতুন মন্ত্রীদের প্রথম বৈঠক ডেকেছেন তিনি। ধারণা করা হচ্ছে, কে কোন দপ্তর পাবেন তা এই বৈঠক থেকেই ঠিক হয়ে যেতে পারে।
সোমবার (১০ জুন) বিকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাসভবনে তার মন্ত্রিসভার সদস্যদের নিয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইন বিজেপি সূত্রে জানায়, সোমবার বিকাল ৫টার মধ্যে নতুন মন্ত্রিসভার সব সদস্যকে বৈঠকে হাজির হতে বলা হয়েছে। রবিবারও শপথগ্রহণ অনুষ্ঠানের আগে সম্ভাব্য মন্ত্রীদের নিয়ে বৈঠক ডেকেছিলেন নরেন্দ্র মোদী। ধারণা করা হয়েছিল যারা ওই বৈঠকে উপস্থিত ছিলেন তারাই মন্ত্রী হবেন। পরে দেখা যায় তাই হয়েছে। ৭২ জন মন্ত্রী পদে শপথ নিয়েছেন রবিবার। পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ৩০ জন এবং প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ৪১ জন।
৭২ জন মন্ত্রী শপথগ্রহণ করলেও এখনও তাদের মধ্যে দপ্তর বণ্টন করা হয়নি। কে কোন মন্ত্রকে দায়িত্ব পাবেন, এখনও স্পষ্ট নয়। অনেকের মতে, সোমবার বিকালে প্রধানমন্ত্রীর বাসভবনে ডাকা বৈঠকে মন্ত্রীদের মধ্যে দপ্তর বণ্টন নিয়ে আলোচনা এবং সিদ্ধান্ত হতে পারে।
বাংলা থেকে মোদির এই তৃতীয় মন্ত্রিসভায় দুজন ডাক পেয়েছেন। বনগাঁর সাংসদ তথা মতুয়া সঙ্ঘাধিপতি শান্তনু ঠাকুর এর আগে জাহাজ প্রতিমন্ত্রী ছিলেন। এই মন্ত্রিসভায় তাকে কোন দায়িত্ব দেওয়া হয়, সে দিকে নজর থাকবে।
পাশাপাশি মোদির মন্ত্রিসভায় বাংলা থেকে নতুন সদস্য হয়েছেন পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তিনি রবিবারই জানিয়েছেন, তাকে এবং শান্তনুকে প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব দেওয়া হচ্ছে। শপথগ্রহণের পর দপ্তর জানিয়ে দেওয়া হবে।
মোদির এই মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নড্ডা। তিনি রবিবার মন্ত্রী হিসাবে শপথও নিয়েছেন। তার মন্ত্রিত্ব লাভের ফলে বিজেপির সর্বভারতীয় সভাপতির পদটি খালি হতে চলেছে। সেখানে এর পর কে দায়িত্ব পান, সেটাও দেখার।
বিজেপি সূত্রে আনন্দবাজার অনলাইন আরও জানায়, সোমবার রাতে ভোজের আয়োজন করেছেন নড্ডা। নতুন মন্ত্রিসভার সদস্যেরা মোদির বাসভবন থেকে বৈঠক সেরে তার বাড়িতে চলে যাবেন। সেখানেই নৈশভোজ হবে।
সূত্র : আনন্দবাজার