প্রবা ডেস্ক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২২ ১১:৪২ এএম
আপডেট : ১৫ নভেম্বর ২০২২ ১২:১৯ পিএম
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ক্যারি লেক। ছবি : সংগৃহীত
মধ্যবর্তী নির্বাচনে অ্যারিজোনা রাজ্যের গভর্নর পদে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মিত্র ক্যারি লেক পরাজিত হয়েছেন বলে জানিয়েছে সিবিএস নিউজ।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী কেটি হবসের কাছে হারলেন রিপাবলিকান পার্টির ক্যারি লেক।
বিজয়ের পর কেটি এক বিবৃতিতে বলেন, বিভাজনের এই মুহূর্তে আমি রাজ্যের সবার জন্য কাজ করব।
ডোনাল্ড ট্রাম্পের কট্টর সমর্থকদের একজন হলেন ক্যারি লেক। ২০২০ সালের প্রেসিডেন্ট নির্বাচনে তিনি কারচুপির অভিযোগ এনেছিলেন। পাশাপাশি দাবি করেছিলেন, ট্রাম্পই নির্বাচনে জয়ী হয়েছেন। যে কারণে অ্যারিজোনা রাজ্যে তার এ হারকে তিরস্কার হিসেবে দেখছেন অনেকে।
অন্যদিকে মধ্যবর্তী নির্বাচনের ভোট গ্রহণের এক সপ্তাহ পরও প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ কোন পার্টির হাতে যাচ্ছে, তা নিয়ে চলছে টানটান উত্তেজনা।
প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পেতে হলে রিপাবলিকানদের কমপক্ষে ২১৮টি আসন জিততে হবে। যে সম্ভাবনা সংকুচিত হয়ে আসছে।
তবে সিবিএস নিউজের তথ্যমতে, রিপাবলিকানরা বর্তমানে ২১৫টি আসন জিতেছেন আর ডেমোক্র্যাটরা জিতেছেন ২১১টি।