প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ জুন ২০২৪ ১৫:৩৩ পিএম
আপডেট : ০৭ জুন ২০২৪ ১৬:১২ পিএম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও তার ছেলে হান্টার বাইডেন। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন তার ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে ডেলাওয়্যারে চলমান আগ্নেয়াস্ত্র মামলায় আদালতের রায় মেনে নেবেন। শুক্রবার (৭ জুন) এবিসি নিউজকে বাইডেন এ কথা জানিয়েছেন।
বাইডেন আরও জানিয়েছেন, বিচারে দোষী সাব্যস্ত হলে রাষ্ট্রপতির ক্ষমতা ব্যবহার করে হান্টারকে ক্ষমা করবেন না তিনি।
আদালতের নথি অনুসারে, ৫৩ বছর বয়সি হান্টার ২০১৮ সালে আগ্নেয়াস্ত্র কেনার সময় তার অবৈধভাবে ড্রাগ ব্যবহারের বিষয়টি গোপন রেখেছিলেন বলে অভিযোগ করা হয়েছে। সে আগ্নেয়াস্ত্রটি তার কাছে ১১ দিন ছিল। তা নিয়েই বর্তমানে আদালতে হান্টার বাইডেনের বিরুদ্ধে একটি মামলা চলছে।
এবিসি নিউজ বাইডেনকে জিজ্ঞেস করেছিল যে তিনি তার ছেলেকে ক্ষমা করে দেওয়ার বিষয়টি প্রত্যাখ্যান করবেন কি না। তখন তিনি এর জবাবে দৃঢ়ভাবে ‘হ্যাঁ’ বলেছিলেন। বিচারে যে রায় হবে তা তিনি মেনে নেবেন কি না জিজ্ঞস করা হলে তিনি আবারও জবাব ‘হ্যাঁ ‘তে দেন।
দোষী সাব্যস্ত হলে হান্টার বাইডেনকে সর্বোচ্চ ২৫ বছর পর্যন্ত কারাগারে কাটাতে হতে পারে। তবে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ সাধারণত এ ধরনের অপরাধের জন্য সংক্ষিপ্ত শাস্তি দেয়।
হান্টারের মরহুম ভাই বিউয়ের স্ত্রী হ্যালি বাইডেন আদালতকে বলেছেন, ‘আমি হান্টারের গাড়িতে আগ্নেয়াস্ত্র পেয়েছিলাম। আমি আতঙ্কিত হয়ে পড়েছিলাম আর ওগুলো থেকে পরিত্রাণ পেতে চেয়েছিলাম।’
তার সাক্ষ্যতে তিনি কীভাবে বন্দুকটি প্রথমে একটি চামড়ার থলেতে, তারপর একটি শপিং ব্যাগে রেখেছিলেন আর কীভাবে তা নিয়ে বাজারে আবর্জনার পাত্রে ফেলে দিয়েছেন তা জানিয়েছেন।
তিনি আরও বলেন, ‘আমি চাইনি সে নিজেকে আঘাত করুক। আর আমি এ-ও চাইনি যে আমার সন্তানরা এই বন্দুক খুঁজে পাক আর নিজেদের ক্ষতি করুক।’
বন্দুকটি কেনার সময় হান্টার প্রবলভাবে কোকেনে আসক্ত ছিলেন বলে ফেডারেল প্রসিকিউটররা দাবি করেছেন। তারা এ-ও দাবি করেছে যে, তিনি ফেডারেল লাইসেন্সপ্রাপ্ত বন্দুক ব্যবসায়ীর কাছে মিথ্যা বলেছেন। বন্দুকের জন্য জমা দেওয়া আবেদনপত্রে তার ড্রাগ ব্যবহারের বিষয়ে মিথ্যা বিবৃতি দিয়েছেন। অবৈধভাবে আগ্নেয়াস্ত্র রেখেছেন।
রিপাবলিকানদের রাজনৈতিক চাপের মুখে পড়ে বিচার বিভাগ তাকে অন্যায়ভাবে লক্ষ্যবস্তু করছে বলে যুক্তি দিয়ে হান্টার তার নির্দোষতা বজায় রেখেছেন।
সূত্র : জিও নিউজ