প্রবা ডেস্ক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২২ ১১:২৪ এএম
আপডেট : ১৫ নভেম্বর ২০২২ ১২:৫১ পিএম
তালেবান নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা। ছবি : সংগৃহীত
আফগানিস্তানে কিছু অপরাধের জন্য শরিয়া আইন অনুসারে অঙ্গচ্ছেদ, প্রকাশ্যে বেত্রাঘাত ও পাথর ছুড়ে মারার মতো শাস্তি প্রদানের জন্য বিচারকদের নির্দেশ দিয়েছেন তালেবান নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, তালেবানের মুখপাত্র জাবিহউল্লাহ মুজাহিদ রবিবার (১৩ নভেম্বর) এক টুইট বার্তায় এসব তথ্য জানিয়েছেন।
টুইট বার্তায় তিনি লিখেছেন, মোল্লা আখুন্দজাদা একদল বিচারকের সঙ্গে সাক্ষাৎ করার পরে এই বাধ্যতামূলক আদেশটি আসে।
তিনি বলেন, ডাকাতি, অপহরণ ও রাষ্ট্রদ্রোহের মতো অপরাধের বিচার খুব সাবধানে করতে হবে এবং অবশ্যই ইসলামি শরিয়া আইনের বিধান অনুসারে শাস্তি হবে।
তবে তালেবান কোন ধরনের অপরাধের জন্য কী শাস্তি হবে, তার সঠিক কোনো ব্যাখ্যা দেয়নি। কিন্তু আফগানিস্তানের একজন ধর্মীয় নেতা বিবিসিকে বলেছেন, শরিয়া আইনের অধীনে যেসব শাস্তির কথা বলে হচ্ছে এর মধ্যে রয়েছে অঙ্গচ্ছেদ, প্রকাশ্যে বেত্রাঘাত ও পাথর ছোড়া।
১৯৯০-এর দশকে প্রথম ক্ষমতায় থাকাকালে তালেবানরা শাস্তি হিসেবে প্রকাশ্যে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য ব্যাপক নিন্দা কুড়িয়েছিল। তবে গত বছর ক্ষমতায় আসার পর তারা আরও পরিমিতভাবে শাসন করার প্রতিশ্রুতি দিয়েছিল।
কিন্তু ক্ষমতায় আসার পর থেকে একের পর এক স্বাধীনতা খর্ব করেছে তালেবান। বিশেষত নারীদের অধিকার ও স্বাধীনতা কঠোরভাবে সীমিত করেছে এই শাসক গোষ্ঠী।
গত সপ্তাহে তারা নারীদের জন্য নিষিদ্ধ করে কাবুলের সব পার্ক। এ ছাড়া নারীদের স্কুলে যাওয়াও বন্ধ করে দিয়েছে তালেবানরা। পাশাপাশি পুরুষ সঙ্গী ছাড়া নারীদের দূরে ভ্রমণেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।