প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০২ জুন ২০২৪ ১১:৩৩ এএম
আপডেট : ০২ জুন ২০২৪ ১২:২৩ পিএম
কুয়েতের নতুন যুবরাজ শেখ সাবাহ আল-খালেদ আল-সাবাহ। ছবি : সংগৃহীত
কুয়েতের আমির শেখ মেশাল আল-আহমদ আল-জাবের আল-সাবাহ কুয়েতের নতুন যুবরাজ হিসেবে শেখ সাবাহ আল-খালেদ আল-সাবাহের নাম ঘোষণা করেছেন। শনিবার (১ জুন) কুয়েত স্টেট টেলিভিশন এ বিষয়ে জানিয়েছে।
শেখ মেশালের সৎ ভাই শেখ নাওয়াফ আল-আহমদ আল-জাবের আল-সাবাহ ছিলেন কুয়েতের ১৬তম শাসক। তিনি ৮৬ বছর বয়সে মারা যান। ২০২৩ সালের ১৬ ডিসেম্বর তার স্থলাভিষিক্ত হয়ে কুয়েতের ১৭তম শাসক হন শেখ মেশাল।
কুয়েতের সংবিধান অনুসারে, মেশালকে শাসন ক্ষমতা নেওয়ার এক বছরের মধ্যে অবশ্যই নতুন যুবরাজের নাম ঘোষণা করতে হবে। তাই তিনি নতুন যুবরাজ নিয়োগ দিতে একটি ডিক্রিও জারি করেছেন।
৭১ বছর বয়সি শেখ সাবাহ ১৯৫৩ সালে কুয়েতে জন্মগ্রহণ করেন। তিনি ২০১১ থেকে ২০১৯ সাল পর্যন্ত গাল্ফ রাজ্যের পররাষ্ট্রমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এরপর ২০১৯ সাল থেকে ২০২২ পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি একসময় জাতিসংঘে কুয়েতের স্থায়ী প্রতিনিধি ও সৌদি আরবে রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করেছেন।