প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩১ মে ২০২৪ ১১:২৬ এএম
আপডেট : ৩১ মে ২০২৪ ১৪:৫১ পিএম
লোকসভা নির্বাচনের ষষ্ঠ দফার ভোটগ্রহণের সময় ভোটাররা লাইনে দাঁড়িয়ে পরিচয়পত্র দেখাচ্ছেন। ২৫ মে ভারতের একটি কেন্দ্রের বাইরে থেকে তোলা। ছবি : সংগৃহীত
ভারতে চলমান লোকসভা নির্বাচনের সপ্তম ও শেষ দফার ভোটগ্রহণ করা হবে শনিবার (১ জুন)।
সাতটি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলের ৫৭ সংসদীয় আসনে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এর মধ্যে পাঞ্জাবের ১৩, হিমাচল প্রদেশের ৪, উত্তর প্রদেশের ১৩, ঝাড়খণ্ডের ৩, ওড়িশার ৬, পশ্চিমবঙ্গের ৯, বিহারের ৮ ও চণ্ডীগড়ের ১টি আসনে ভোট হবে। নির্বাচনের দুই দিন আগেই সপ্তম দফার সব ধরনের প্রচারণা বন্ধ করে দেওয়া হয়েছে।
এ দফার নির্বাচনে ৯০৪ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে কেন্দ্রে এসে যে ভোটাররা লাইনে দাঁড়ানো থাকবেন তাদের সবার ভোটগ্রহণ করা হবে। এর জন্য প্রয়োজন পড়লে সন্ধ্যা ৬টার পরও কেন্দ্র খোলা থাকবে।
তামিলনাড়ু, কেরালা, মেঘালয়, অন্ধ্র, আসাম, মণিপুর, কর্ণাটক, মিজোরাম, অরুণাচল, তেলেঙ্গানা, নাগাল্যান্ড, উত্তরাখণ্ড, ছত্তিশগড়, গোয়া, গুজরাট, রাজস্থান, সিকিম, ত্রিপুরা রাজ্যের সবকটি আসনে ভোটগ্রহণ শেষ হয়েছে। তা ছাড়া ত্রিপুরা, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ এবং দাদরা ও নগর হাভেলি, দমন, দিউ, লাদাখ, লাক্ষাদ্বীপ ও পুদুচেরি কেন্দ্রশাসিত অঞ্চলেরও সব আসনেই ভোটগ্রহণ শেষ হয়েছে।
এর আগে ছয় ধাপের ভোটগ্রহণ হয়েছে যথাক্রমে ১৯ ও ২৬ এপ্রিল, ৭, ১৩, ২০ ও ২৫ মে। প্রথম ধাপে ৬৬ দশমিক ১, দ্বিতীয় ধাপে ৬৬ দশমিক ৭, তৃতীয় ধাপে ৬১, চতুর্থ ধাপে ৬৭ দশমিক ৩, পঞ্চম ধাপে ৬০ দশমিক ৫ ও ষষ্ঠ ধাপে ৬৩ দশমিক ৩৬ শতাংশ ভোটারের ভোট পড়েছে। ভোটারের উপস্থিতি কম লক্ষ করা গেছে।
এখন পর্যন্ত ৩৬টির মধ্যে ২৮ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ৫৪৩টির মধ্যে ৪৮৬ আসনে নির্বাচন সম্পন্ন হয়েছে।
ভারতে ২০২৪ সালের সাত দফার লোকসভা নির্বাচন শুরু হয়েছে ১৯ এপ্রিল, যার সর্বশেষ ধাপের ভোটগ্রহণ হবে আগামীকাল।
৪ জুন সব ধাপের সম্পূর্ণ ফলাফল প্রকাশিত হবে।
সূত্র : হিন্দুস্তান টাইমস