প্রকাশ : ১৩ অক্টোবর ২০২২ ১৭:৩৯ পিএম
আপডেট : ১৩ অক্টোবর ২০২২ ১৭:৪৯ পিএম
প্রজন্ম সমাজ-সংস্কৃতি কেন্দ্রের আয়োজনে সামাজিক যোগাযোগমাধ্যমের সুরক্ষিত ব্যবহার সংক্রান্ত সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে
রংপুরের পীরগাছা উপজেলার পাঠাগারভিত্তিক সমাজ-সংস্কৃতি চর্চা ও গবেষণার প্রতিষ্ঠান প্রজন্ম সমাজ-সংস্কৃতি কেন্দ্রের আয়োজনে অনলাইন নিরাপত্তা ও সামাজিক যোগাযোগমাধ্যমের সুরক্ষিত ব্যবহার সংক্রান্ত সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 'অক্টোবর সাইবার সচেতনতা মাস' উপলক্ষে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় স্থানীয় ইটাকুমারী শিবচন্দ্র রায় কলেজে এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইয়াসিন আলীর সভাপতিত্বে ও শাওন কুমার সরকারের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রভাষক আফজাল হোসেন ও শহিদুল রহমান। অনলাইন নিরাপত্তা ও সামাজিক যোগাযোগমাধ্যমের সুরক্ষিত ব্যবহার বিষয়ে মূল আলোচনা করেন কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক, কবি ও সমাজকর্মী মীর রবি। অনুষ্ঠানে বক্তারা সাইবার বুলিং, সাইবার ক্রাইমসহ বিভিন্ন অপরাধ ও আসক্তির ওপর আলোকপাত করে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
মীর রবি জানান, শিক্ষার্থীদের মাঝে সাইবার সচেতনতা সৃষ্টি করতেই তাদের এই উদ্যোগ। ইটাকুমারী শিবচন্দ্র রায় কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইয়াসিন আলী শিক্ষার্থীদের সাইবার অপরাধ থেকে বিরত থাকতে উদ্বুদ্ধ করেন।
অনলাইনে নিরাপত্তা ও সামাজিক যোগাযোগমাধ্যমের সুরক্ষিত ব্যবহার সংক্রান্ত সচেতনতামূলক সভা শেষে ইটাকুমারী শিবচন্দ্র রায় কলেজে ২২ সদস্যের সোশ্যাল অ্যাওয়ারনেন্স প্রজন্ম টিম গঠন করা হয়।
প্রবা/জিকে/এমজে