কুমিল্লা অফিস ও কুমিল্লা প্রতিবেদক
প্রকাশ : ২২ মার্চ ২০২৬ ০৯:২৫ এএম
আপডেট : ২২ মার্চ ২০২৬ ১৪:৪৬ পিএম
কুমিল্লায় এক রেলক্রসিংয়ে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রেনের ভয়াবহ সংঘর্ষে অন্তত ১২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন। নিহতদের মধ্যে সাতজন পুরুষ, তিনজন নারী এবং দুজন শিশু।
দুর্ঘটনার পর বাসটিকে ইঞ্জিনের সঙ্গে আটকে প্রায় আধা কিলোমিটার টেনে নিয়ে যায় ট্রেনটি, যা হতাহতের সংখ্যা বাড়িয়ে দেয়।
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার সংলগ্ন জাঙ্গালিয়া কচুয়া এলাকার বিশ্বরোড ফ্লাইওভারের নিচে শনিবার দিবাগত রাত ৩টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের রেলক্রসিং পার হওয়ার সময় নোয়াখালীগামী মামুন পরিবহনের একটি বাস লাইনের ওপর উঠে পড়ে। ঠিক তখনই চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী মেইল ট্রেনটি বাসটিকে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ১২ জন যাত্রী নিহত হন।
নিহতদের মধ্যে সাতজন পুরুষ, তিনজন নারী ও দুইজন শিশু রয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
উদ্ধার তৎপরতা ও তদন্ত কমিটি
কুমিল্লা সদর দক্ষিণ থানার উপপুলিশ পরিদর্শক জনি বড়ুয়া ও ইপিজেড ফাঁড়ির উপ-পরিদর্শক সাইফুল ইসলাম জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। আহতদের দ্রুত কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কুমিল্লা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. ইদ্রিস জানান, বাসটি গাইবান্ধা ও চাঁপাইনবাবগঞ্জ হয়ে নোয়াখালীর উদ্দেশে যাচ্ছিল। রেললাইন পার হওয়ার সময় ট্রেনের সঙ্গে সংঘর্ষে এটি ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হয়।

জনি বড়ুয়া বলেন, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত ও আহতদের স্বজনরা হাসপাতালে ভিড় করছেন এবং পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
দুর্ঘটনার পর সাময়িকভাবে ঢাকা-চট্টগ্রাম রেল যোগাযোগ বন্ধ হয়ে যায় বলেও জানান তিনি।
ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মমিন ঘটনাটি নিশ্চিত করেছেন।
এদিকে, এ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পৃথকভাবে তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি দায়িত্বে অবহেলার অভিযোগে তিনজন গেটম্যানকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে, যার মধ্যে গেটম্যান হেলাল উদ্দিনও রয়েছেন।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, উভয় যানবাহনের অসতর্কতার কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে।