গোলাম কিবরিয়া
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২২ ১৩:৫৮ পিএম
আপডেট : ৩০ অক্টোবর ২০২২ ১৪:০৪ পিএম
ছবি : ‘আমা দাবালাম’ পর্বতের চূড়ায় পর্বতারোহী বাবর
প্রথম বাংলাদেশি পর্বতারোহী হিসেবে চট্টগ্রামের সাহসী তরুণ ডা. বাবর আলী জয় করলেন হিমালয়ের প্রায় সাড়ে ২২ হাজার ফুটের ভয়ঙ্কর চূড়া। পাথর ও বরফে আবৃত হিমালয়ের ভয়ঙ্কর চূড়া ‘আমা দাবালাম’ পর্বতটি আরোহণে বিশেষ দক্ষতা দরকার বলে যেকোনো অভিযাত্রীর জন্য খুবই চ্যালেঞ্জিং।
২৫ অক্টোবর নেপালের সময় সকাল ৯টায় আমা দাবলাম পর্বতের চূড়ায় পৌঁছে তিনি লাল-সবুজ পতাকা ওড়ান। ২৩ অক্টোবর ভোরে বেজক্যাম্প থেকে যাত্রা করে বাবর উঠে যান ক্যাম্প-১-এ। পরদিন ওঠেন ক্যাম্প-২-এ। ২৫ অক্টোবর মধ্যরাত ১২টা ১৫ মিনিটে শুরু হয় চূড়ার লক্ষ্যের চেষ্টা। ভোরে তিনি পর্বতের চূড়ায় পৌঁছে রচনা করেন নতুন ইতিহাস। ওইদিন বিকালেই বেজক্যাম্পে ফিরে আসেন।
পুরো অভিযানই হয়েছে বাবরের নিজস্ব অর্থায়নে। তবে নিজেদের ক্লাব ভার্টিক্যাল ড্রিমার্সের অকুণ্ঠ সহযোগিতা ছিল বলে জানা যায়।
নেপালের খুম্বু এলাকায় অবস্থিত পৃথিবীর অন্যতম চ্যালেঞ্জিং চূড়া এটি। নেপালি ভাষায় ‘আমা’ অর্থ মা আর ‘দাবালাম’ অর্থ গলার হার। খাড়া পর্বত, আবহাওয়া ও অমসৃণ রাস্তাই এর বৈশিষ্ট্য; যা এভারেস্টের চেয়ে বেশি ভয়ঙ্কর করে তুলেছে এ চূড়াকে।
প্রবা/জিকে/জেও