প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২০ জুলাই ২০২৩ ১৪:১৮ পিএম
আপডেট : ২১ জুলাই ২০২৩ ০৭:৫৪ এএম
সংবাদ উপস্থাপণার পর এবার সংবাদ সম্পাদনায়ও যুক্ত হতে চলেছে কৃত্রিম বুদ্ধিমত্তা। ছবি : সংগৃহীত
সংবাদ পাঠের মাধ্যমে গণমাধ্যম জগতে পা রেখেছে কৃত্রিম বুদ্ধিমত্তা
(এআই)। সম্প্রতি বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে তাল মিলিয়ে দেশীয় একটি বেসরকারি টেলিভিশন
চ্যানেলে এআই সংবাদ পাঠিকা (নিউজ প্রেজেন্টার) খবর পাঠ করে চমক সৃষ্টি করেছে। যদিও
এআই প্রকল্প চালানো বড় কোম্পানিগুলো কেবল ফরমায়েশি কাজেই নয়, সংবাদ সম্পাদনার জগতেও
কৃত্রিম বুদ্ধিমত্তাকে চালিত করতে চাইছে।
টেক জায়ান্ট গুগল সম্প্রতি এমন এক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি
নিয়ে কাজ করছে যা সাংবাদিকদের শিরোনাম ঠিক করতে এবং লেখার বিভিন্ন শৈলীর সঙ্গে পরিচয়
করিয়ে দিয়ে সংবাদ সম্পাদনায় সহায়তা করবে। এমনকি নিজে থেকেও তথ্য দিলে সম্পূর্ণ সংবাদ
কনটেন্ট লিখে দিতে পারবে।
কোম্পানিটির মুখপাত্র জেন ক্রিডার বুধবার (১৯ জুলাই) এক ঘোষণায় এমনটাই
জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ পত্রিকা নিউইয়র্ক টাইমস ক্রিডারের বরাতে
জানিয়েছে গুগল এরই মধ্যে সম্পাদনার কাজে এআই ব্যবহার নিয়ে ওয়াশিংটন পোস্ট, ওয়ালস্ট্রিট
জার্নাল -এমনকি নিউইয়র্ক টাইমসের সঙ্গে আলোচনা করেছে। যদিও শুরুর দিকে গুগলের লক্ষ্য
ছোট প্রকাশনাগুলো। যাদের লোকবল কম।
পত্রিকা ও মিডিয়া আউটলেটগুলো এই বিষয়ে মুখ না খুললেও গুগল বলছে, এআই
দিয়ে সাংবাদিকদের প্রতিস্থাপন করা তাদের উদ্দেশ্য নয়।
মুখপাত্র জানিয়েছেন- রিপোর্টিং তৈরি, বা কোনটি সত্য বা মিথ্যা এগুলো
ঠিক করার কাজ তাদের এআইয়ের নয়। এমনকি এগুলোতে মানুষের ভূমিকা প্রতিস্থাপন তারা করতেও
চায় না। গুগল কেবল বিদ্যমান অবস্থাতেই সাংবাদিকদের কাজে সহায়তা করে উৎপাদনশীলতাকে আরও
বাড়াতে চাইছে।
এ ছাড়া কোম্পানিটির এমন তিনজন কর্মী, যারা এই প্রজেক্টের সঙ্গে যুক্ত
-তারা জানিয়েছেন, সাংবাদিকদের ব্যক্তিগত সহকারীর ভূমিকায় এটিকে দেখা যাবে।
তবে নাম প্রকাশ না করার শর্তে বেশ কিছু কর্মকর্তা যারা গুগলের পিচটি
দেখেছেন, তারা দাবি করেছেন -প্রযুক্তিটি অবিশ্বাস্য। এর লেখার স্টাইল পেশাদার সাংবাদিকদের
মতোই। গুগল আনুষ্ঠানিকভাবে এর নাম প্রকাশ না করলেও একটি সূত্র নিশ্চিত করেছে যে এআইয়ের এই টুলটি কোম্পানির ভেতরে জেনেসিস নামে পরিচিত।
নিউজ কর্পোরেশনের একজন মুখপাত্র এআই টুল নিয়ে গুগলের সঙ্গে আলোচনার
বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছেন। তবে তিনি বলেন, ‘গুগলের সঙ্গে
আমাদের চমৎকার সম্পর্ক রয়েছে এবং আমরা (গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা) সুন্দর পিচাইয়ের
সাংবাদিকতার প্রতি দীর্ঘ মেয়াদী প্রতিশ্রুতির প্রশংসা করি।’
নিউইয়র্ক টাইমস ও ওয়াশিংটন পোস্ট এই ইস্যুতে মন্তব্য করতে রয়টার্সের
অনুরোধে সাড়া দেয়নি।
বিশ্বের অনেক মিডিয়া আউটলেটই এরই মধ্যে জেনারেটিভ এআই ব্যবহার শুরু
করেছে।
এদিকে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস বলেছে যে তারা সংবাদের ক্ষেত্রে
জেনারেটিভ এআই ব্যবহারের উপায় বের করতে ওপেনএআইয়ের সঙ্গে কাজ করবে। গত বছর টেক্সটের
মাধ্যমে কথোপকথোনে সক্ষম জেনারেটিভ এআই ‘চ্যাটজিপিটি’ আনার পর প্রযুক্তি
জগতে পরিচিত নাম হয়ে উঠে ওপেনএআই।
সূত্র : এক্সপ্রেস ট্রিবিউন