প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৩ ১২:২৭ পিএম
আপডেট : ২৯ এপ্রিল ২০২৩ ১২:৪৩ পিএম
চলতি বছরে উন্মুক্ত হওয়া সব ফ্ল্যাগশিপ ফোনেই প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেট। ছবি : সংগৃহীত
এখন পর্যন্ত নতুন আইফোন উন্মুক্ত না হলেও চলতি বছরে এরই মধ্যে বাজার মাতাচ্ছে
বেশ কয়েকটি স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানের ফ্ল্যাগশিপ ফোন। যারা একটু বেশি বাজেটে
ফোন কিনতে অভ্যস্ত এবং আইওএস যাদের পছন্দের তালিকায় নেই, তারা এ ফোনগুলো থেকে পছন্দের
ফোনটি বেছে নিতে পারেন।
স্যামসাং গ্যালাক্সি এস২৩/এস২৩প্লাস/এস২৩ আলট্রা
ফেব্রুয়ারিতে উন্মুক্ত হয়েছে এই ফোন সিরিজ। অপেক্ষাকৃত ছোট ফোন ব্যবহারে যারা স্বাচ্ছন্দ্যবোধ করেন, তারা স্যামসাং গ্যালাক্সি এস২৩ ব্যবহার করতে পারেন। এর
স্ক্রিনের আকৃতি মাত্র ৬.১ ইঞ্চি। কিন্তু এর ব্যাটারি ৩ হাজার ৯০০ এমএএইচ। আরও
একটু বড় স্ক্রিন ও বেশি ব্যাটারি চাইলে এস২৩ প্লাস কেনা যেতে পারে। এ ফোনে স্ক্রিনের
আকৃতি ৬.৬ ইঞ্চি ও ব্যাটারি ৪ হাজার ৭০০ এমএএইচ। আর যেসব স্মার্টফোন ব্যবহারকারী ক্যামেরাকে
প্রাধান্য দেন, তারা নিতে পারেন এস২৩ আলট্রা। স্যামসাং কোম্পানি প্রথম এস২৩ আলট্রা ফোনে
২০০ মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর ব্যবহার করেছে। আর প্রতিটি গ্যালাক্সি এস সিরিজের
ফোনে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়ালকমের ‘স্ন্যাপড্রাগন ৮ জেন ২’।
ওয়ান প্লাস ১১
চীনের প্রযুক্তি পণ্যভিত্তিক ব্র্যান্ড ওয়ান প্লাস তাদের ফ্ল্যাগশিপ সিরিজের
সবশেষ স্মার্টফোন ‘ওয়ান প্লাস ১১’ চলতি বছরের জানুয়ারিতেই বাজারে নিয়ে এসেছে। ৬.৭ ইঞ্চির
এ ফোনটিতে ৫ হাজার এমএএইচ ব্যাটারির সঙ্গে থাকছে ১০০ ওয়াটের পাওয়ার চার্জার। ফোনটি
পুরো চার্জ হতে সময় নেয় ২৫ মিনিট। ২কে রেজল্যুশনের ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লেতে প্রটেকশনের
জন্য রয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিকটাস। প্রসেসর হিসেবে থাকছে কোয়ালকমের ‘স্ন্যাপড্রাগন
৮ জেন ২’। ট্রিপলের ক্যামেরা সেটআপের সেন্সরগুলো যথাক্রমে ৫০ মেগাপিক্সেল, ৩২ মেগাপিক্সেল
ও ৪৮ মেগাপিক্সেল।
শাওমি ১৩ আলট্রা
চলতি মাসেই চীনের বাজারে উন্মুক্ত হয়েছে ইলেকট্রনিক গ্যাজেট নির্মাতা কোম্পানি
শাওমির ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজের সবশেষ স্মার্টিফোন ‘শাওমি ১৩ আলট্রা’। এর আগে
গত বছরেই শাওমি ১৩ ও শাওমি ১৩প্লাস বিশ্ববাজারে প্রবেশ করেছিল। নতুন এ ফোনে শাওমি
সবচেয়ে বড় চমক দেখিয়েছে এর ক্যামেরায়। লাইকার প্রযুক্তির ৫০ মেগাপিক্সেলের ৪টি লেন্স
ব্যবহার করা হয়েছে; যা ২৪ এফপিএসে ৮কে ভিডিও রেকর্ডিং পর্যন্ত সাপোর্ট করে। এতে প্রসেসর
হিসেবে অন্যান্য ফ্ল্যাগশিপ ফোনের মতো কোয়ালকমের ৪ ন্যানোমিটারের চিপসেট ‘স্ন্যাপড্রাগন
৮ জেন ২’ ব্যবহার করা হয়েছে।
আসুস রগ ফোন ৭
এখনও বাজারে প্রবেশ না করলেও চলতি মাসেই গেমিং স্মার্টফোন ‘রগ’ সিরিজের সবশেষ ফোন আসুস রগ ফোন ৭ উন্মুক্ত করেছে ইলেকট্রনিক গ্যাজেট নির্মাতা প্রতিষ্ঠান আসুস। যেহেতু এটি গেমিং ফোন তাই ফোনটি একটু ভারী। ২৩৯ গ্রামের। এতে প্রসেসর হিসেবে ‘স্ন্যাপড্রাগন ৮ জেন ২’ ব্যবহার করা হয়েছে। জিপিউ হিসেবে থাকছে অ্যাড্রিনো ৭৪০। ১২ জিবি র্যাম, ২৫৬ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র্যাম ও ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে ফোনটি। এতে থাকছে ৩.৫ এমএম হেডফোন জ্যাক।