× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অ্যাসোসিও অ্যাওয়ার্ড

বাংলাদেশের দুই প্রতিষ্ঠানের আন্তর্জাতিক স্বীকৃতি

মুহিন তপু

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫ ১৬:২০ পিএম

আপডেট : ২৭ নভেম্বর ২০২৫ ১৭:২৫ পিএম

পুরস্কার হাতে প্রাইডসিসের মনোয়ার ইকবাল ও রাইজআপ ল‍্যাবসের এরশাদুল হক

পুরস্কার হাতে প্রাইডসিসের মনোয়ার ইকবাল ও রাইজআপ ল‍্যাবসের এরশাদুল হক

বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাতে আবারও যুক্ত হলো এক অনন্য অর্জন। এশিয়া-ওশেনিয়া অঞ্চলের মর্যাদাপূর্ণ সংগঠন অ্যাসোসিও (ASOCIO) তাদের বার্ষিক পুরস্কার অনুষ্ঠানে স্বীকৃতি দিয়েছে বাংলাদেশের দুটি শীর্ষস্থানীয় সফটওয়্যার প্রতিষ্ঠানকে।

গত মঙ্গলবার তাইওয়ানের রাজধানী তাইপেতে অনুষ্ঠিত অ্যাসোসিও অ্যাওয়ার্ড সেরেমনি ও গালা ডিনারে ঘোষণা করা হয় এবারের আসরে ‘আউটস্ট্যান্ডিং ডিজিটাল ট্রান্সফরমেশন অর্গানাইজেশন’ বিভাগে পুরস্কার পেয়েছে প্রাইডসিস আইটি, আর ‘ট্যালেন্ট ডেভেলপমেন্ট’ বিভাগে স্বীকৃতি পেয়েছে রাইজআপ ল্যাবস।

বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন অ্যাসোসিও চেয়ারম্যান ব্রায়ান সিন এবং আজীবন সম্মানিত চেয়ারম্যান ও অ্যাওয়ার্ড কমিটির চেয়ারম্যান আব্দুল্লাহ এইচ কাফি।

পুরস্কারপ্রাপ্তির প্রতিক্রিয়ায় প্রাইডসিস আইটির ব্যবস্থাপনা পরিচালক মির মনোয়ার ইকবাল বলেন, ‘আউটস্ট্যান্ডিং ডিজিটাল ট্রান্সফরমেশন বিভাগে পুরস্কার পাওয়া আমাদের জন্য অনেক গর্বের। দেশে-বিদেশে এক যুগের বেশি সময় ধরে আমরা প্রযুক্তিতে কাজ করছিÑ এই স্বীকৃতি আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিল। আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা ও ইন্ডাস্ট্রি ৪.০-এ কাজের পরিধি আরও বাড়াব।’

অন্যদিকে রাইজআপ ল্যাবসের সিইও এরশাদুল হক বলেন, ‘এই স্বীকৃতি কেবল রাইজআপ ল্যাবস নয়, বাংলাদেশের জন্যও গর্বের। আমরা বিশ্বাস করি, এআই ও উদ্ভাবনই আমাদের বৈশ্বিক অবস্থানকে আরও শক্ত করবে। আগামী দিনে আমরা প্রযুক্তি দিয়ে অর্থবহ পরিবর্তন আনতে প্রতিশ্রুতিবদ্ধ।’

অ্যাসোসিও হলো এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের ২৪টি দেশের তথ্যপ্রযুক্তি সংগঠনগুলোর একটি সম্মিলিত মঞ্চ, যা ১৯৮৪ সালে গঠিত হয়। বাংলাদেশ থেকে এই সংগঠনের সদস্য হিসেবে প্রতিনিধিত্ব করছে বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস)।

প্রাইডসিস আইটি

বাংলাদেশের শিল্প খাত বিশেষ করে গার্মেন্টস, টেক্সটাইল ও ম্যানুফ্যাকচারিং অর্থনীতির প্রধান স্তম্ভ। কিন্তু উৎপাদন ও ব্যবস্থাপনায় ডিজিটাল সমাধান ব্যবহারের সংস্কৃতি গড়ে ওঠেনি। এই জায়গাতেই পরিবর্তনের বার্তা নিয়ে এসেছে প্রাইডসিস আইটি।

তাদের মূল লক্ষ্য ‘স্থানীয় শিল্পকে ডিজিটালভাবে রূপান্তর করা।’ এজন্য তারা তৈরি করেছে নিজস্ব পণ্য প্রাইডসিস আইটি, যা গার্মেন্টস, ফুটওয়্যার, রাসায়নিক, ট্রেডিং ও স্বাস্থ্যসেবাÑ সব ক্ষেত্রেই ব্যবহৃত হচ্ছে। এই সলিউশন তথ্য বিশ্লেষণ, উৎপাদন পরিকল্পনা, ইনভেন্টরি ও সাপ্লাই চেইন ব্যবস্থাপনা- সব কিছু এক প্লাটফর্মে আনে।

তাদের উদ্ভাবিত ‘প্রাইডকাট’ সলিউশন গার্মেন্টস শিল্পে এআই-ভিত্তিক ফ্যাব্রিক পরিকল্পনার মাধ্যমে কাপড়ের অপচয় কমায় এবং উৎপাদন দক্ষতা বাড়ায়। এই প্রযুক্তি এখন দেশের বাইরেও আগ্রহের সৃষ্টি করেছে।

প্রতিষ্ঠানের নেতৃত্বে আছেন মির মনোয়ার ইকবাল, যিনি শিল্প ও প্রযুক্তি দুই দিকেই অভিজ্ঞ। তার নেতৃত্বে প্রাইডসিস আইটি একাধিক আন্তর্জাতিক পুরস্কার জিতেছে, যার মধ্যে আছে বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড এবং অ্যাপিকটা মেরিট অ্যাওয়ার্ড। ভবিষ্যতে প্রতিষ্ঠানটি মেশিন-লিংকড ও সেন্সর-ভিত্তিক স্মার্ট ফ্যাক্টরি সলিউশন নিয়ে আরও কাজ করতে চায়, যাতে বাংলাদেশের উৎপাদনশীলতা বৈশ্বিক মানে পৌঁছে যায়।

রাইজআপ ল্যাবস

এদিকে রাইজআপ ল্যাবস বাংলাদেশের তরুণদের প্রযুক্তিতে ক্ষমতায়ন এবং আন্তর্জাতিক পর্যায়ে দেশীয় উদ্ভাবন তুলে ধরার এক উজ্জ্বল উদাহরণ। প্রতিষ্ঠানটির মূল দর্শন, ‘বাংলাদেশ শুধু সেবা দেবে না, বরং নিজস্ব প্রোডাক্ট তৈরি করে বিশ্ববাজারে জায়গা করে নেবে।’

এই ধারণা থেকেই তারা তৈরি করেছে কম্পলিফাই, একটি এআই-চালিত কাস্টমার এক্সপেরিয়েন্স অটোমেশন প্লাটফর্ম। এ ছাড়া ইউনিসেফ বাংলাদেশসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার সঙ্গে ডিজিটাল ট্রান্সফরমেশন প্রজেক্টেও কাজ করছে তারা।

গেম ডেভেলপমেন্টে রাইজআপ ল্যাবস বাংলাদেশের জন্য আন্তর্জাতিক পরিচিতি এনেছেÑ তাদের তৈরি মিনা গেইম-২ পেয়েছে পুরস্কার ও জনপ্রিয়তা দুই-ই।

প্রতিষ্ঠানের সিইও এরশাদুল হক বলেন, প্রযুক্তি শুধু অর্থনৈতিক নয়, সামাজিক পরিবর্তনেরও হাতিয়ার। তাই প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে তরুণদের জন্য ট্রেনিং, ওয়ার্কশপ ও ট্যালেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম চালায়।

ভবিষ্যতের লক্ষ্য হলো আরও বেশি এআই ও অটোমেশন-ভিত্তিক প্রোডাক্ট তৈরি করা এবং ‘বাংলাদেশি ট্যালেন্ট + বাংলাদেশি প্রোডাক্ট’ এই দুই শক্তিকে বিশ্বে প্রতিষ্ঠিত করা।

শেষের আগে

বাংলাদেশের প্রযুক্তি খাত এখন এক নতুন যুগে প্রবেশ করছে, যেখানে স্থানীয় উদ্ভাবন, মানবসম্পদ ও শিল্প রূপান্তর একসঙ্গে অগ্রসর হচ্ছে। প্রাইডসিস আইটি শিল্প-উৎপাদনের মেশিন ও ডেটাকে যুক্ত করে তৈরি করছে ‘স্মার্ট ফ্যাক্টরি’-এর যুগ, আর রাইজআপ ল্যাবস তরুণ প্রতিভা ও কৃত্রিম বুদ্ধিমত্তার শক্তিকে কাজে লাগিয়ে গড়ে তুলছে ‘ডিজিটাল বাংলাদেশ’-এর বৈশ্বিক মুখ।

অ্যাসোসিওর মতো আন্তর্জাতিক মঞ্চে তাদের এই স্বীকৃতি প্রমাণ করে, বাংলাদেশের প্রযুক্তি এখন আর কেবল অনুসারী নয়, বরং উদ্ভাবনের নেতৃত্বও দিতে সক্ষম। যদি এই গতি ও মনোযোগ বজায় থাকে, তবে আগামী দশকেই ‘মেড ইন বাংলাদেশ’ সফটওয়্যার ও প্রযুক্তিপণ্য হবে এশিয়া ও বিশ্বের অন্যতম আস্থার নাম।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা