× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্রাউজার যুদ্ধ ২০২৫

ক্রোম ও সাফারির বিকল্প হিসেবে যেসব ব্রাউজার আলোচনায়

মুহিন তপু

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৫ ১৯:১১ পিএম

আপডেট : ২৩ অক্টোবর ২০২৫ ১৯:১৬ পিএম

ক্রোম ও সাফারির বিকল্প হিসেবে যেসব ব্রাউজার আলোচনায়

২০২৫ সালে এসে আবারও তীব্র হচ্ছে ‘ব্রাউজার যুদ্ধ’। বহু বছর ধরে ওয়েব দুনিয়ায় রাজত্ব করছে গুগল ক্রোম ও অ্যাপল সাফারি, বিশেষত গুগলের সার্চে জেনারেটিভ এআই সংযোজন তাদের অবস্থান আরও মজবুত করেছে। কিন্তু এখন বাজারে উঠে আসছে একের পর এক নতুন ব্রাউজার, যারা শুধু গতি নয়, পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা, গোপনীয়তা ও ব্যবহারকারীর মানসিক স্বাস্থ্যের ভারসাম্য—সব কিছু নিয়েই চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে এই দুই জায়ান্টকে। টেকক্রাঞ্চ এর প্রতিবেদন অবলম্বনে লিখেছেন মুহিন তপু।

চলুন দেখে নেওয়া যাক ২০২৫ সালের সবচেয়ে আলোচিত বিকল্প ব্রাউজারগুলো—

এআই-চালিত ব্রাউজার

পারপ্লেক্সিটি কমেট

নতুন প্রজন্মের এআই ব্রাউজারের দৌড়ে নাম লিখিয়েছে পারপ্লেক্সিটি নামের স্টার্টআপ। তাদের তৈরি কমেট এমন এক এআই ওয়েব ব্রাউজার যা সার্চের পাশাপাশি ইমেইল সারাংশ তৈরি, ওয়েব পেজ ব্রাউজ বা ক্যালেন্ডার ইনভাইট পাঠানোর মতো কাজও করতে পারে।

বর্তমানে এটি শুধু পারপ্লেক্সিটির ‘ম্যাক্স’ প্ল্যানের ($২০০ মাসিক) ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত রয়েছে, তবে অপেক্ষমাণ তালিকায় নাম লেখানো যাচ্ছে।

দ্য ব্রাউজার কোম্পানির ‘ডিয়া’

‘আর্ক’ ব্রাউজারের নির্মাতা দ্য ব্রাউজার কোম্পানি সম্প্রতি এনেছে নতুন এআই ব্রাউজার ডিয়া। দেখতে অনেকটা ক্রোমের মতো হলেও এর ভেতরে রয়েছে শক্তিশালী চ্যাট-সহকারী।

ইনভাইট-অনলি বেটা সংস্করণে চালু হওয়া ডিয়া, ব্যবহারকারীর দেখা ওয়েবসাইট বিশ্লেষণ করে তথ্য সারসংক্ষেপ দেয়, পণ্য সম্পর্কে প্রশ্নের উত্তর দেয় এমনকি আপলোড করা ফাইলও বিশ্লেষণ করতে পারে।

প্রাথমিকভাবে শুধু আর্ক সদস্যরাই এটি ব্যবহার করতে পারবেন।

ওপেরা নিয়ন

পুরোনো খেলোয়াড় ওপেরা এবার এনেছে নতুন এআই ব্রাউজার নিয়ন, যা প্রেক্ষাপট বুঝে কাজ করতে পারে। রিসার্চ, অনলাইন কেনাকাটা এমনকি কোড লেখার অংশবিশেষ তৈরি করতেও এটি সক্ষম।

আশ্চর্যের বিষয়—নিয়ন অফলাইনে থাকলেও কিছু কাজ করতে পারে!

ব্রাউজারটি এখনও বাজারে আসেনি, তবে অপেক্ষমাণ তালিকা খোলা হয়েছে। এটি সাবস্ক্রিপশন-ভিত্তিক, তবে দাম এখনো ঘোষণা করা হয়নি।

ওপেনএআই অ্যাটলাস

চ্যাটজিপিটির নির্মাতা ওপেনএআই সম্প্রতি উন্মোচন করেছে তাদের প্রথম এআই-চালিত ওয়েব ব্রাউজার অ্যাটলাস।

এখানে ব্যবহারকারীরা সরাসরি চ্যাটজিপিটি-এর সঙ্গে কথা বলেই ওয়েব সার্চ করতে পারবেন—অন্য কোনো লিংকে না গিয়েই। এছাড়া ‘এজেন্ট মোড’-এর মাধ্যমে ব্রাউজারকে নির্দিষ্ট কাজের নির্দেশও দেওয়া যাবে।

অ্যাটলাস প্রথমে ম্যাকওএসে চালু হয়েছে, শিগগিরই উইন্ডোজ, আইওএস ও অ্যান্ড্রয়েডে আসছে।

গোপনীয়তা-নির্ভর ব্রাউজার

ব্রেভ

ব্রেভ বহুদিন ধরেই গোপনীয়তা রক্ষাকারী ব্রাউজার হিসেবে পরিচিত। এটি ডিফল্টভাবে বিজ্ঞাপন ও ট্র্যাকার বন্ধ রাখে এবং বেসিক অ্যাটেনশন টোকেন (BAT) নামের নিজস্ব ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে ব্যবহারকারীদের পুরস্কৃত করে।

অতিরিক্ত ফিচার হিসেবে আছে বিল্ট-ইন ভিপিএন, এআই সহকারী ও ভিডিও কল সেবা।

ডাকডাকগো

নিজস্ব সার্চ ইঞ্জিনের জন্য পরিচিত ডাকডাকগো এখন পূর্ণাঙ্গ ব্রাউজার হিসেবেও জায়গা করে নিচ্ছে।

নতুন সংস্করণে যুক্ত হয়েছে এআই চ্যাটবট ও উন্নত স্ক্যাম ব্লকার, যা ভুয়া ক্রিপ্টো এক্সচেঞ্জ, স্কেয়ারওয়্যার বা প্রতারণামূলক ই-কমার্স সাইট শনাক্ত করতে পারে।

ডাকডাকগো কোনো ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ট্র্যাক করে না, ফলে পপ-আপ বিজ্ঞাপনও অনেক কম।

লেডিবার্ড

গিটহাব–এর সহপ্রতিষ্ঠাতা ক্রিস ওয়ানস্ট্রাথ নেতৃত্ব দিচ্ছেন এক উচ্চাকাঙ্ক্ষী প্রকল্প লেডিবার্ড–এর, যা একেবারে শূন্য থেকে তৈরি হচ্ছে—ক্রোমিয়াম বা অন্য কোনো ওপেন সোর্স কোডের ওপর নির্ভর করছে না।

গোপনীয়তা রক্ষায় এটি বিজ্ঞাপন ও তৃতীয় পক্ষের কুকি ব্লক করবে। ২০২৬ সালে

আলফা সংস্করণ প্রকাশের লক্ষ্য রয়েছে বলে জানা গেছে। 

ভিভালডি

ওপেরা–র প্রাক্তন নির্মাতাদের হাতেই জন্ম নেয় ভিভালডি, যা মূলত ক্রোমিয়াম-ভিত্তিক হলেও অত্যন্ত কাস্টমাইজযোগ্য।

ব্রাউজারের উইন্ডো রঙ পরিবর্তন করে দেখা ওয়েবসাইটের সঙ্গে মিলিয়ে নেয়, রয়েছে বিজ্ঞাপন-ব্লকার, পাসওয়ার্ড ম্যানেজার, ক্যালেন্ডার ও নোটস ফিচার।

মানসিক সুস্থতা কেন্দ্রিক ব্রাউজার

ওপেরা এয়ার

২০২৫ সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত ওপেরা এয়ার হল এক ‘মাইন্ডফুলনেস’–ভিত্তিক ব্রাউজার, যার উদ্দেশ্য ব্যবহারকারীর মানসিক ভারসাম্য রক্ষা।

এতে রয়েছে বিরতি নেওয়ার রিমাইন্ডার, শ্বাসপ্রশ্বাস অনুশীলন, এবং বুস্টস নামে এক ফিচার, যা ফোকাস বাড়াতে বা বিশ্রাম দিতে বাইনোরাল বিটস বাজায়।

সিগমা ওএস

শুধু ম্যাক ব্যবহারকারীদের জন্য তৈরি সিগমা ওএস ব্রাউজারটি অনেকটা কর্মক্ষেত্রের মতো সাজানো।

ট্যাবগুলোকে ‘ওয়ার্কস্পেস’ আকারে ভাগ করা যায়, যেখানে ব্যবহারকারী নির্দিষ্ট কাজের জন্য ট্যাব সাজাতে পারেন—যেমন কাজ, বিনোদন বা গবেষণা আলাদা রাখা।

সাম্প্রতিক আপডেটে যুক্ত হয়েছে এআই ফিচার, যা ওয়েবপেজের রিভিউ, দাম বা রেটিং সারসংক্ষেপ দিতে পারে।

তিনটির বেশি ওয়ার্কস্পেস চাইলে মাসে ৮ ডলার সাবস্ক্রিপশন দিতে হয়।

জেন ব্রাউজার

ওপেন সোর্স ভিত্তিক জেন ব্রাউজার–এর লক্ষ্য একটি ‘শান্ত ইন্টারনেট পরিবেশ’ তৈরি করা।

এতে রয়েছে স্প্লিট ভিউ–এর মাধ্যমে পাশাপাশি দুটি ট্যাব দেখা, ওয়ার্কস্পেসে ট্যাব সাজানো, এবং কমিউনিটি–নির্মিত থিম ও প্লাগইন ব্যবহারের সুযোগ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা