প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৫৬ পিএম
ছবি : সংগৃহীত
তথ্য আদানপ্রদান ও অডিওভিডিও কলের জনপ্রিয় অ্যাপ হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপ তাদের সেবা উন্নত করতে নতুন নতুন ফিচার এনে থাকে। এবার মেটা আরও পরিবর্তন এনেছে হোয়াটসঅ্যাপে। ব্যবহারকারীদের নিরাপত্তার কথা মাথায় রেখে খারাপ, ভুয়া কিংবা অন্যদের বিরক্ত করে এমন অ্যাকাউন্টগুলো ব্যান করে প্লাটফর্মটি। এর ধারাবাহিকতায় এবার ভারতের ৮৪ লাখ অ্যাকাউন্ট ব্যান করলো হোয়াটসঅ্যাপ।
হোয়াটসঅ্যাপের নিয়ম না মানার জন্য ১.৬ মিলিয়ন অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে। সন্দেহজনক কার্যকলাপে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে পর্যালোচনার পরে অন্যান্য অ্যাকাউন্টগুলোকে নিষিদ্ধ করা হয়েছিল।
ব্যবহারকারীদের কোনো অভিযোগ ছাড়াই ১.৬ মিলিয়নেরও বেশি অ্যাকাউন্ট হোয়াটসঅ্যাপ নিজেই পর্যবেক্ষণের মাধ্যমে নিষিদ্ধ করেছে। হোয়াটসঅ্যাপের কিছু নিয়ম ও শর্ত রয়েছে। যা অনুসরণ না করলে হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্ট বন্ধ করার অধিকার রয়েছে কোম্পানির।
এর মধ্যে রয়েছে অনুমতি ছাড়াই বাল্ক বার্তা পাঠানো, স্প্যামিং এবং প্রতারণামূলক কার্যকলাপ, মিথ্যা বা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়ার মতো গুরুতর অভিযোগ। এছাড়া স্থানীয় আইন লঙ্ঘনকারী অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়েছে। এরমধ্যে ১০ হাজার ৭০৭ ব্যবহারকারী অ্যাকাউন্টের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। এর মধ্যে ৯৩ শতাংশ ক্ষেত্রে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। হয়রানি, জালিয়াতি, বা সঠিক আচরণ সম্পর্কিত অভিযোগগুলোতে বিশেষ মনোযোগ দিয়েছে কোম্পানি।
মেটার পক্ষ থেকে জানানো হয়েছে, প্ল্যাটফর্মটিকে নিরাপদ ও নির্ভরযোগ্য করতে হোয়াটসঅ্যাপ এই পদক্ষেপ নিয়েছে। প্ল্যাটফর্মে ক্রমবর্ধমান জালিয়াতি এবং অপব্যবহার বন্ধ করাই এর মূল উদ্দেশ্য। অনলাইন জালিয়াতি থেকে ব্যবহারকারীদের রক্ষা করতে এবং নিরাপদ পরিবেশ দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।