প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৪৫ পিএম
ছবি : সংগৃহীত
পৃথিবীর বৈশ্বিক সমস্যা সমাধানে উদ্ভাবনী সমাধান খুঁজে বের করতে এ বছরের ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ’ শুরু হতে যাচ্ছে। দ্বাদশবারের মতো ‘স্টুডেন্টস ফোরামের’ সহযোগিতায় ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৫’ বাংলাদেশ পর্ব আয়োজন করতে যাচ্ছে বেসিস।
বিশ্বের তিন শতাধিক নগরীর মতো বাংলাদেশের ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল, কুমিল্লা ও ময়মনসিংহে বড় পরিসরে এই প্রতিযোগিতা আয়োজন করার কথা বলেছে বেসিস।
বেসিস ‘স্টুডেন্টস ফোরামে’র সহযোগিতায় ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২৫’ বাংলাদেশ পর্বের বিস্তারিত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে জানিয়েছে সংগঠনটি।
বাংলাদেশে যে কোনো আগ্রহী নাগরিক এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন। নাসা কর্তৃক নির্ধারিত নিয়ম মেনে বাছাই প্রক্রিয়া পরিচালিত হবে এবং আজ থেকে আগ্রহীরা বেসিসের ওয়েবসাইটে দেওয়া লিংকের মাধ্যমে আবেদন করতে পারবেন।
নাসা আয়োজিত এই প্রতিযোগিতায় গত তিনবারসহ মোট চারবার বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে।
আন্তর্জাতিকভাবে বিশ্বের একশ ৮৫টি দেশের প্রযুক্তিবিদ, বিজ্ঞানী, ডিজাইনার, শিল্পী, শিক্ষাবিদ, উদ্যোক্তাদের মতো বিভিন্ন ক্ষেত্রের তরুণদের একসঙ্গে করে নানা বৈশ্বিক সমস্যা সমাধানে উদ্ভাবনী সমাধান খুঁজে বের করার লক্ষ্যে এ কার্যক্রম করে নাসা। এরই অংশ হিসেবে বেসিসের উদ্যোগে বাংলাদেশের ৯টি শহর থেকে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে চলেছে বিশ্বের সবচেয়ে বড় হ্যাকাথনের বাংলাদেশ পর্ব।
এই উপলক্ষে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে নানা কার্যক্রম চলবে, যেখানে ওয়র্কশপ ও সেমিনারের আয়োজন করা হবে। এছাড়া, অংশগ্রহণকারীদের দক্ষতা বাড়ানোর জন্য একটি ‘ডেটা বুট ক্যাম্প’ও আয়োজন করবে বেসিস।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী দলগুলোকে তাদের প্রকল্প প্রস্তুত করতে সহায়তা করার জন্য বিশেষজ্ঞও নিয়োগ করা হবে, যাতে তারা মূল হ্যাকাথনের জন্য সেরা প্রস্তুতি নিতে পারে।
বেসিসের সহায়ক কমিটির চেয়ারম্যান রাফেল কবির বলেন, ‘বাংলাদেশের উদ্ভাবনী শক্তি এবং প্রযুক্তি দক্ষতাকে বৈশ্বিক মঞ্চে তুলে ধরার জন্য আমরা প্রতিবারই নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ আয়োজন করি। এবারও আমাদের শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতা ও উদ্ভাবনী সমাধানের মাধ্যমে বিশ্বকে মুগ্ধ করবে।’