প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৫ মে ২০২৪ ২২:৫৯ পিএম
আপডেট : ২৫ মে ২০২৪ ২৩:৪৬ পিএম
দুই ম্যাচে হারায় সিরিজ আগেই হাতছাড়া করেছে বাংলাদেশ। তাই যুক্তরাষ্ট্রের বিপক্ষে আজ টাইগারদের হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচ। এমন ম্যাচে বল হাতে ঝলক দেখালেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। বাঁহাতি এই পেসার একাই শিকার করেছেন ৬টি উইকেট। এতে মার্কিনিদের অল্পতেই আটকে ফেলেছে নাজমুল হোসেন শান্তর দল।
শনিবার (২৫ মে) হিউস্টনের আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১০৪ রান করেছে স্বাগতিক যুক্তরাষ্ট্র। বল হাতে ৪ ওভার হাত ঘুরিয়ে ১ মেইডেনসহ মাত্র ৯ রান খরচায় ৬ উইকেট পান মুস্তাফিজ। শেষ টি-টোয়েন্টি ম্যাচ জিততে বাংলাদেশের দরকার ১০৫ রান।
টস হেরে ব্যাট করতে নেমে দারুণ সূচনা পেয়েছিল যুক্তরাষ্ট্র। দলকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার শায়ান জাহাঙ্গীর ও অ্যান্ড্রিস গাউস। উদ্বোধনী জুটিতে ৪৬ রান যোগ করেন এই দুই ব্যাটার। গাউসকে আউট করে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন সাকিব আল হাসান। ১৫ বলে ২৭ রান করেন তিনি। এই উইকেট নিয়ে সাকিব আন্তর্জাতিক ক্রিকেটে ৭০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন সাকিব।
গাউসের বিদায়ের পরই বল হাতে নিজের কারিশমা দেখান মুস্তাফিজ। ২০ বলে ১৮ রান করা জাহাঙ্গীরকে তানজিম সাকিবের ক্যাচে সাজঘরে ফেরান তিনি। এরপর আর ১৪ রান যোগ করতে আরও তিন উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে যুক্তরাষ্ট্র। নিতিশ কুমার ৯ বলে ৩, অ্যারন জন্স ৭ বলে ২ ও মিলিন্দ কুমার ২০ বলে ৭ রান করে সাজঘরে ফিরে যান।
এরপর কোরি অ্যান্ডারসন ও শ্যাডলি ভ্যান শাল্কউইক মিলে বিপর্যয় সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে দলীয় ৯২ ও ৯৪ রানে সাজঘরে ফিরে যান এই দুই ব্যাটার। অ্যান্ডারসন ১৮ বলে ১৮ ও শাল্কউইক ১৭ বলে ১২ রান করেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৪ রান সংগ্রহ করে যুক্তরাষ্ট্র।
মুস্তাফিজের ৬ উইকেট ছাড়াও একটি করে উইকেট পান তানজিম সাকিব, রিশাদ হোসেন ও সাকিব আল হাসান।