সিরি-আ অ্যাওয়ার্ড
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ মে ২০২৪ ১৬:৪৪ পিএম
আপডেট : ২৫ মে ২০২৪ ১৭:০৩ পিএম
লাওতারো মার্টিনেজ। ছবি : সংগৃহীত
সিরি-আ মৌসুম-পরবর্তী অ্যাওয়ার্ডে প্রাধান্য চ্যাম্পিয়ন ইন্টার মিলানের। ক্লাবটির কোচ সিমোনে ইনজাগি নির্বাচিত হয়েছেন বর্ষসেরা কোচ। দলটির স্ট্রাইকার লাওতারো মার্টিনেজ পেয়েছেন বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার।
এ নিয়ে সিরি-আর প্রধান নির্বাহী লুইগি ডি সিয়ারভো এক বিবৃতিতে বলেছেন, ‘সেরা কোচের পুরস্কার সিমোনে ইনজাগিরই প্রাপ্য ছিল। এবারের ইন্টার দলটি আক্রমণ ও রক্ষণে সমানভাবে সেরা ছিল। একই সঙ্গে ২৮ ম্যাচে অপরাজিত থেকে তারা শিরোপা নিশ্চিত করেছে। ইনজাগির অধীনে ইন্টারের খেলোয়াড়রা ধারাবাহিকভাবে দারুন ফুটবল খেলে গেছে, যেখানে সমন্বয় ও দৃঢ়তা বজায় ছিল।’
২০২৩-২৪ মৌসুমের শুরুতে ইন্টারের অধিনায়কের দায়িত্ব পান আর্জেন্টাইন ফরোয়ার্ড মার্টিনেজ। লিগে ৩৩ ম্যাচে তিনি করেছেন সর্বোচ্চ ২৪ গোল। ডি সিয়ারভো তাকে নিয়ে বলেছেন, ‘পারফরম্যান্স ও নেতৃত্বের দিক থেকে লাওতারো (মার্টিনেজ) অভাবনীয় একটি মৌসুম কাটিয়েছে।’
হেলাস ভেরোনার বিপক্ষে ইন্টারের লিগের শেষ ম্যাচের আগে এই পুরস্কার প্রদান করা হয়। সিরি-আর এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ইন্টারের আরও দুই খেলোয়াড় পুরস্কার পেয়েছেন। মৌসুমসেরা মিডফিল্ডার হিসেহে হাকান কালহানগ্লু ও সেরা ডিফেন্ডার হিসেবে আলেহান্দ্রো বাস্তোনিকে পুরস্কৃত করা হয়।

এ ছাড়া সেরা গোলরক্ষক মনোনীত হয়েছেন মোঞ্জার মিশেল ডি গ্রেগরিয়। সেরা স্ট্রাইকার হয়েছেন জুভেন্টাসের ডুসান ভ্লাহোভিচ; মার্টিনেজের পর দ্বিতীয় সর্বোচ্চ ১৬ গোল করেছেন তিনি। বর্ষসেরা অনূর্ধ্ব-২৩ খেলোয়াড় মনোনীত হয়েছেন বোলোনার ২৩ বছর বয়সি ডাচ স্ট্রাইকার জসুয়া জিরকি। রবিবার শেষ রাউন্ডের ম্যাচের আগে দ্বিতীয় স্থানে থাকা এসি মিলান থেকে ইন্টার ১৯ পয়েন্টের ব্যবধানে এগিয়ে রয়েছে।
২০২১ সালে ইনজাগি ইন্টারের দায়িত্ব নেওয়ার পর এ পর্যন্ত তার অধীনে ক্লাবটি তিনটি ইতালিয়ান সুপার কাপ, দুটি ইতালিয়ান কাপ ও গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলার কৃতিত্ব দেখিয়েছে। এবারের মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ ও ইতালিয়ান কাপের শেষ ১৬ থেকে ইন্টারের বিদায় নিতে হয়েছে। কিন্তু সিরি-এ লিগে ২৯টি জয় ছয়টি ড্র এবং মাত্র দুটিতে পরাজিত হয়।