এফএ কাপ ফাইনাল
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৫ মে ২০২৪ ১২:৩৪ পিএম
আপডেট : ২৫ মে ২০২৪ ১৩:২৮ পিএম
এ ম্যাচটি কোচ এরিক টেন হাগের জন্য অস্বস্তিরও। ছবি : সংগৃহীত
প্রিমিয়ার লিগে নিজেদের ইতিহাসের অন্যতম বাজে পারফরম্যান্স ম্যানচেস্টার ইউনাইটেডের। অষ্টম স্থানে থেকে লিগ শেষ করেছে রেড ডেভিলরা। এ অবস্থায় মৌসুমটা ভালোভাবে কাটানোর শেষ সুযোগ তাদের সামনে। আজ রাতে এফএ কাপের ফাইনালে লিগ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির মুখোমুখি ম্যানইউ।
এ ম্যাচটি কোচ এরিক টেন হাগের জন্য অস্বস্তিরও। আন্তর্জাতিক মিডিয়ার খবর, এফএ কাপ জিতলেও তাকে ছাঁটাই করার পরিকল্পনা ম্যানইউ ম্যানেজমেন্টের। দ্য গার্ডিয়ানের বরাতে, বাজে মৌসুম শেষে টেন হাগকে ছাঁটাই করার কঠোর সিদ্ধান্ত নিয়েছে ম্যানইউ। শেষ পর্যন্ত এফএ কাপ ফাইনাল শেষে টেন হাগ অধ্যায়ের ইতি ঘটলে সেটা পুরোনো স্মৃতিই মনে করিয়ে দেবে। একই কায়দায় ওল্ডট্র্যাফোর্ড থেকে বিদায় ঘটেছিল লুই ফন গালের। ২০১৬ সালে এ প্রতিযোগিতার আরেক ফাইনালে সেবার ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে জয়ের দুই দিন পর চাকরি হারান ফন গাল।
কোচ টেন হাগেরও হয়তো একই দুর্ভাগ্য বরণ করতে হচ্ছে। ১৯৯০ সালের পর নিজেদের ইতিহাসে সর্বনিম্ন স্থান নিয়ে প্রিমিয়ার লিগ শেষ করেছে তার দল। বিদায় নিয়েছে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব থেকেও।
ব্রিটিশ ধনকুবের জিম র্যাটক্লিফ ক্লাবটির এক চতুর্থাংশ মালিকানা কিনে নেন। এর পর থেকেই ডাচম্যানের ভবিষ্যৎ নিয়ে নানা গুঞ্জন চলছে। ইউনাইটেড অবশ্য জানিয়েছে, টেন হাগকে নিয়ে এখনও কোনো ধরনের সিদ্ধান্ত নেয়নি তারা। তবে শনিবারের শিরোপা নির্ধারণী লড়াইয়ের পর তাকে নিয়ে একটি পর্যবেক্ষণ হবে।
এদিকে কোচকে নিয়ে ম্যানইউ গোলকিপার আন্দ্রে ওনানা বলেছেন, ‘উনি ভীষণ ভালোমানুষ, ভালো কোচ। ট্যাকটিক্যালি কতটা ভালো সেটা তো গত মৌসুমেই দেখা গেছে। আমি ছিলাম না গতবার। তার পরেও তারা শীর্ষ চারে জায়গা করে নিয়েছে। এ মৌসুমে হয়তো অনেক কিছু ঘটেছে। কিন্তু আমি তার হয়ে কথা বলছি না। তিনি নিজের হয়েই কথা বলার জন্য যথেষ্ট।’