× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারল বাংলাদেশ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২৪ মে ২০২৪ ০০:৪৬ এএম

আপডেট : ২৪ মে ২০২৪ ১১:২১ এএম

যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারল বাংলাদেশ

আইসিসির টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে দুই দলের ব্যবধান ১০। বাংলাদেশের অবস্থান যেখানে ৯, সেখানে যুক্তরাষ্ট্রের ১৯তম। অথচ এমন দুর্বল দলের বিপক্ষে দেড়শর কম রানের টার্গেট পেরোতে পারল না টাইগাররা। চরম ব্যাটিং ব্যর্থতায় এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হারল নাজমুল হোসেন শান্ত বাহিনী।

বৃহস্পতিবার (২৩ মে) ফ্লোরিডার হিউস্টনে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৬ রানে হারিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিনিদের দেওয়া ১৪৫ রান তাড়া করতে নেমে ১৯.৩ ওভারে সব কটি উইকেট হারিয়ে ১৩৮ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ। এবার হোয়াইটওয়াশের শঙ্কায় লাল সবুজের প্রতিনিধিরা।


১৪৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই সাজঘরে ফিরে যান সৌম্য। রানের খাতা খোলার আগেই বিদায় নেন তিনি। এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেওয়ার চেষ্টা করেন তানজিদ হাসান তামিম। ২৯ রানের জুটি গড়েন তানজিদ তামিম ও শান্ত।


তবে দলীয় ৩০ রানে ফের উইকেট হারায় বাংলাদেশ। ১৫ বলে ১৯ রান করে আউট হন তানজিদ তামিম। তানজিদ তামিমের পর ক্রিজে আসা তাওহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন শান্ত। ৪৮ রানের জুটি গড়েন এ দুই ব্যাটার। তবে দলীয় ৭৮ রানে ভুল বোঝাবুঝিতে আউট হন শান্ত। ৩৪ বলে ৩৬ রান করেন টাইগার ক্যাপ্টেন।


শান্তর বিদায়ের পরই সাজঘরে ফিরে যান হৃদয়। দলীয় ৯২ রানে ২১ বলে ২৫ রান করেন তিনি। এরপর ক্রিজে এসে সুবিধা করতে পারেননি মাহমুদউল্লাহ রিয়াদ। ৪ বলে ৩ রান করে আউট হন তিনি।


এরপর দ্রুতই ৩ উইকেট হারায় বাংলাদেশ। জাকের আলি ৫ বলে ৪, সাকিব ২৩ বলে ৩০ ও তানজিম সাকিব রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান। ১২৫ রানের মধ্যে ৮ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ।


এরপর দলীয় ১৩২ রানে ৪ বলে ১ রান করে আউট হন শরিফুল ইসলাম। শেষ ব্যাটার হিসেবে রিশাদ আউট হলে ১৯ ওভার ৩ বলে ১৩৮ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের পক্ষে আলি খান নেন ৩টি উইকেট।


এর আগে টস হেরে ব্যাট করতে নেমে যুক্তরাষ্ট্রকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার স্টিভেন টেইলর ও মোনাঙ্ক প্যাটেল। উদ্বোধনী জুটিতে ৪৪ রান সংগ্রহ করেন এ দুই ব্যাটার। এরপর জোড়া উইকেট হারায় তারা।


একই ওভারে মার্কিন শিবিরে জোড়া আঘাত হানেন রিশাদ হোসেন। টেইলর ২৮ বলে ৩১ ও রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান অ্যান্ড্রিস গুস। এরপর ক্রিজে আসা অ্যারন জন্সকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন মোনাঙ্ক।


৬০ রানের জুটি গড়েন এ দুই ব্যাটার। তবে দলীয় ১০৪ রানে ৩৪ বলে ৩৫ রান করে আউট হন জন্স। জন্সের বিদায়ের পর ক্রিজে এসে সুবিধা করতে পারেননি কোরি অ্যান্ডারসন। ১০ বলে ১১ রান করে শরিফুল ইসলামের বলে বোল্ড হন তিনি। অ্যান্ডারসনের বিদায়ের পর পরই সাজঘরে ফিরে যান মোনাঙ্ক। ৩৮ বলে ৪২ রান করেন এই ব্যাটার।


শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৪ রান সংগ্রহ করে যুক্তরাষ্ট্র। বাংলাদেশের পক্ষে ২টি করে উইকেট নেন রিশাদ, মুস্তাফিজ ও শরিফুল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা