বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৩ মে ২০২৪ ২০:৪০ পিএম
আপডেট : ২৩ মে ২০২৪ ২৩:০৯ পিএম
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে আসরের সহ-আয়োজক যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের একটি সিরিজ খেলছে বাংলাদেশ। প্রথম ম্যাচে স্বাগতিকদের কাছে ৫ উইকেটে হেরে সিরিজে পিছিয়ে আছে টাইগাররা। ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ফলে আগে ব্যাট করতে নামবে মার্কিনিরা।
বৃহস্পতিবার (২৩ মে) টেক্সাসের হিউস্টন প্রেইরি ভিউ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ৯টায় মাঠে গড়াচ্ছে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি। বাংলাদেশের জন্য আজকের লড়াইটা বেশ গুরুত্বপূর্ণ। আজ হারলেই সিরিজ হাতছাড়ার পাশাপাশি আইসিসির সহযোগী দেশের বিপক্ষে এবারই প্রথম টি-টোয়েন্টি সিরিজ হারবে লাল-সবুজের প্রতিনিধিরা।
গুরুত্বপূর্ণ এই ম্যাচের একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। চরম ব্যর্থ হয়েও বারবার সুযোগ পাওয়া লিটন দাসকে বাদ দিয়ে নেওয়া হয়েছে তানজিদ হাসান তামিমকে। এ ছাড়া স্পিন অলরাউন্ডার শেখ মাহেদী হাসানের জায়গায় পেসার তানজিম হাসান সাকিবকে নেওয়া হয়েছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্র অন্য রকম এক রোমাঞ্চে ডুবে আছে। আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর বিপক্ষে কখনও তারা টি-টোয়েন্টি সিরিজ জেতেনি। নিজেদের ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ সাফল্যের খোঁজে থাকা যুক্তরাষ্ট্র আজ জিতলেই ইতিহাসের অক্ষয় কালিতে নিজেদের নাম তুলে নেবে।
বাংলাদেশের একাদশ : তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
যুক্তরাষ্ট্র একাদশ : মোনাঙ্ক প্যাটেল (অধিনায়ক), স্টিভেন টেইলর, অ্যারন জোনস, অ্যান্দ্রেস গুস, কোরি অ্যান্ডারসন, নিতিশ কুমার, আলি খান, হারমিত সিং, জেসি সিং, শ্যাডলি ফন শ্যালকউইক ও সৌরভ নেত্রভালকার।