× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সিরিজ

মার্কিন মুলুকে শুরুতেই ধাক্কা টাইগারদের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২২ মে ২০২৪ ০০:৫৯ এএম

আপডেট : ২২ মে ২০২৪ ১১:১৯ এএম

মার্কিন মুলুকে শুরুতেই ধাক্কা টাইগারদের

টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ১০ ধাপ পিছিয়ে যুক্তরাষ্ট্র। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে প্রথমবারের মতো মার্কিনিদের মুখোমুখি হয়েছে টাইগাররা। কিন্তু আইসিসির সহযোগী দলটির বিপক্ষে প্রথম দেখাতেই নাস্তানাবুদ নাজমুল হোসেন শান্তরা। দুই দলের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম দেখাতেই বাংলাদেশকে বড় ধাক্কা দিল পশ্চিমারা।

মঙ্গলবার (২১ মে) বাংলাদেশ সময় রাতে ফ্লোরিডার হিউস্টনের প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশকে ৫ উইকেটে হারিয়েছে যুক্তরাষ্ট্র। টাইগারদের দেওয়া ১৫৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে হারমিত সিং ও কোরি অ্যান্ডারসনের ৬২ রানের অপরাজিত জুটিতে ৩ বল হাতে রেখে জিতেছে স্বাগতিকরা।


বাংলাদেশকে হারিয়ে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছে যুক্তরাষ্ট্র। নিজেদের ক্রিকেট ইতিহাসে দ্বিতীয়বারের মতো আইসিসির পূর্ণ সদস্য দেশকে হারাল তারা। এর আগে ২০২১ সালে আয়ারল্যান্ডকে হারিয়েছিল দলটি। এক কথায় বলতে গেলে যুক্তরাষ্ট্রের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় জয় এটি।

 

মাঝারি লক্ষ্য তাড়ায় শুরুটা দারুণ করে যুক্তরাষ্ট্র। দুই ওপেনার মিলে ৩ ওভারে তোলেন ২৭ রান। চতুর্থ ওভারের প্রথম বলে শরিফুলের দুর্দান্ত থ্রোয়ে রানআউট হন যুক্তরাষ্ট্র অধিনায়ক মোনাক প্যাটেল। ১২ বলে ১০ রান করেন তিনি। অধিনায়কের উইকেট হারানোর পরেও স্বাচ্ছন্দ্যে ব্যাট করছিল যুক্তরাষ্ট্র।

 

দ্বিতীয় উইকেটে অ্যাটকিনসন গুস এবং স্টিভেন টেইলর গড়েন ৩৮ রানের জুটি। ১৮ বলে ২৩ রান করে নবম ওভারে আউট হন গুস। এরপর হুট করেই একটা ঝড় বয়ে যায় যুক্তরাষ্ট্রের ব্যাটিং লাইনের ওপর। ৮ ওভারে ১ উইকেট হারিয়ে ৬০ রান করা দলটি পরের ৮ ওভারে ৪ উইকেট হারিয়ে করে ৩৯ রান।

 

শেষ ২০ বলে ৫০ রান দরকার ছিল যুক্তরাষ্ট্রের। পরের ৮ বলে ৩ ছক্কা ও ১ চার মেরে সেই সমীকরণটা ২ ওভারে ২৪ রানে নামিয়ে আনেন হারমিত সিং বাঁধন। শেষ ২ ওভারে অভিজ্ঞতার পরিচয় দেন কোরি অ্যান্ডারসন। একসময় নিউজিল্যান্ডের হয়ে মাঠ কাঁপানো এ অলরাউন্ডার শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্রকে ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। ১৩ বলে ৩৩ রান করে ম্যাচ জেতানো ইনিংস খেলেছেন হারমিত সিং। ২৫ বলে ৩৪ রানে অপরাজিত ছিলেন অ্যান্ডারসন।


এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে হতাশ করেছে বাংলাদেশের টপ অর্ডার। দুবার জীবন পেয়েও মাত্র ১৪ রানে থেমেছেন লিটন কুমার দাস। শুরুটা ভালো হলেও ১৩ বলে ২০ রানে থেমেছেন সৌম্য সরকার। লিটনের চেয়ে এদিন বেশি হতাশ করেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। জিম্বাবুয়ে সিরিজে ব্যর্থ এ ব্যাটার এদিন ১১ বল খেলে মাত্র ৩ রান করেছেন। আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছেন সাকিব আল হাসান। ১২ বলে ৬ রান করে রানআউট হন তিনি। তাতে ৬৮ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।


এদিন হৃদয় রান পেলেও সেটা ছিল না টি-টোয়েন্টিসুলভ। তাকে সঙ্গ দেওয়া মাহমুদউল্লাহ রিয়াদও খুব একটা জ্বলে উঠতে পারেননি। দুজন মিলে ৪৮ বল মাঠে থেকে দলকে এনে দেন মাত্র ৬৭ রান। ২ চার ও ১ ছক্কায় ২২ বলে ৩১ রান করে ১৯তম ওভারে আউট হন মাহমুদউল্লাহ। ৪০ বলে আন্তর্জাতিক ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি তুলে নেওয়া হৃদয় ইনিংসের শেষ বলে আউট হয়েছেন ৫৮ রান করে। ৪৭ বলে ৪ চার ও ২ ছক্কায় সাজানো ছিল তার ইনিংসটি। শেষ দিকে নেমে ২ চারের মারে ৫ বলে ৯ রান করেন জাকের আলী।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা