প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২১ মে ২০২৪ ১৭:২৯ পিএম
আপডেট : ২১ মে ২০২৪ ১৭:৫৫ পিএম
পাওয়ার প্লেÑ এই ছয় ওভার ম্যাচের গতি-প্রকৃতি বদলে দেয়। ব্যাটারদের রান তোলার তাড়া, বোলারদের চেপে ধরার প্রচেষ্টাÑ ৩৬ বল ঘিরে শত আশা-উচ্চাশা! বাংলাদেশ দলের শেখ মাহেদীকে প্রায়ই ‘পাওয়ার প্লেতে’ বোলিং করতে দেখা যায়। বিষয়টি রোমাঞ্চকর নাকি চ্যালেঞ্জিংÑ পাওয়ার প্লেতে বোলিংয়ের অভিজ্ঞতা কেমন মাহেদীর? বিসিবির প্রকাশিত এক ভিডিওতে এ নিয়ে কথা বলেছেন জাতীয় দলের স্পিন অলরাউন্ডার।
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত ৪৫ ইনিংসে বোলিং করেছেন মাহেদী। ২৭ বারই পাওয়ার প্লেতে উদ্বোধন করেছেন। ইতিহাস বলছে, সফল তিনি। ক্যারিয়ারে ৩৮ উইকেটের ২০টিই এসেছে পাওয়ার প্লেতে। মাহেদী বলেছেন, ‘পাওয়ার প্লেতে বোলিং উপভোগের চেয়েও চ্যালেঞ্জিং বেশি। টি-টোয়েন্টি ক্রিকেট রানের খেলা। এখানে যত কম রানে আটকানো যায়। সুতারং উপভোগের চেয়েও চ্যালেঞ্জ বেশি।’
পাওয়ার প্লেতে উপভোগের অর্থÑ ভালো বোলিং করা। মাহেদীও মনে করেন এই সময়টুকুতে বোলিংটা উপভোগ করতে পারলে সেটি দলের জন্যই ভালো। বলেছেন, ‘কঠিন পরিস্থিতি থাকে পাওয়ার প্লেতে। উপভোগ (করার সুযোগ) তো একদমই থাকে না। (এরপরও) সেখানে যদি উপভোগ করতে পারি, তাহলে দলের লাভটাই বেশি হয়।’
২০১৮ সালে অভিষেক মাহেদীর। ২০২১ সালের বিশ্বকাপেও খেলেছেন। কিন্তু পরের বছরের বিশ্বকাপে সুযোগ পাননি। তবে ২০২৪ বিশ্বকাপে ফের জাতীয় দলে ফেরেন। ফেরাটা সহজ ছিল না তার। সেটাই জানিয়েছেন মাহেদী, ‘ব্যক্তিগত চ্যালেঞ্জ আছে (বিশ্বকাপে)। প্রথম রাউন্ড শেষ করে পরের রাউন্ডে আগে যাওয়া।’ বলেছেন আরেকটি ব্যক্তিগত লক্ষ্যের কথাও, ‘আমি সাধারণত যেভাবে পারফরম্যান্স করি, ওভাবে করতে চাই না বিশ্বকাপে।’ মাহেদী আরও বলছিলেন, ‘বিশ্বকাপ নিয়ে সবার এক্সাইটমেন্ট থাকে। বিশ্বকাপের দলে থাকা গৌরবের বিষয়। এটা আসলে ভাষায় প্রকাশ করা যায় না।’