প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২০ মে ২০২৪ ১৭:১২ পিএম
আপডেট : ২০ মে ২০২৪ ১৮:৩১ পিএম
জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা; ফাইল ছবি
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছে বাংলাদেশ দল। মারকাটারি এ টুর্নামেন্টে অংশ নেওয়ার আগে মার্কিনিদের বিপক্ষে তিন ম্যাচের একটি প্রস্তুতি সিরিজে খেলবে টাইগাররা। আসন্ন বিশ্বকাপে বাংলাদেশের ভালো সম্ভাবনা আছে বলে মনে করেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
সোমবার (২০ মে) বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ভবনের ডাচ-বাংলা অডিটোরিয়ামে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্টের চতুর্থ আসরের সংবাদ সম্মেলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হন মাশরাফি। এ সময় তার কাছে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে জানতে চাইলে নড়াইল এক্সপ্রেস বলেন, ‘আশা তো অবশ্যই ভালো কিছু করবে।’
তবে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে কারা আছেন তা এখনও দেখেননি মাশরাফি, ‘(স্কোয়াড) দেখি নাই, জানি না আমি। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আশা করছে যে বাংলাদেশ ভালো করবে, যেখানেই যায়, যেভাবে যায়। তো আমার প্রত্যাশা অবশ্যই ভিন্ন কিছু হবে না। কমন কিছু খেলোয়াড় দেখেছি, শুনেছি সোশ্যাল মিডিয়ায়, কিন্তু পুরো দল এখনও দেখি নাই।'
বিশ্বকাপে সাকিবের কাছ থেকে বেস্ট পারফরম্যান্স আশা করার কথাও জানান ম্যাশ, ‘সাকিবকে নিয়ে আলাদা করে তো বলার কিছু নেই। সব সময় বেস্ট পারফর্মার, বেস্ট পারফরম্যান্স আশা করব।’
আগামী ২ জুন থেকে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে মাঠে গড়াবে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। ২০ দলের মারকাটারি এ টুর্নামেন্টে শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকা, নেপাল ও নেদারল্যান্ডসের সঙ্গে বাংলাদেশ আছে ‘ডি’ গ্রুপে। ৭ জুন ডালাসে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। ১০ জুন টাইগাররা লড়বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। পরবর্তীকালে ১৩ জুন নেদারল্যান্ডস এবং ১৭ জুন নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শেষ করবে লাল-সবুজের দল।