টি-টোয়েন্টি বিশ্বকাপ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ মে ২০২৪ ২১:৫১ পিএম
আপডেট : ১১ মে ২০২৪ ২২:২১ পিএম
সাকিব আল হাসান; ফাইল ছবি
আগামী ২ জুন মাঠে গড়াবে টি-টোয়েন্টি
বিশ্বকাপের নবম আসর। সে হিসেবে বৈশ্বিক এ আসর শুরু হতে বাকি আর মাত্র তিন সপ্তাহ।
বিশ্বকাপকে সামনে রেখে স্কোয়াড ঘোষণা ও প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছে অংশগ্রহণকারী
দলগুলো। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন বিশ্বকাপে অনন্য রেকর্ডের
হাতছানি দিচ্ছে বাংলাদেশের সাকিব আল হাসানকে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন পর্যন্ত
আট আসরের প্রতিটিতেই খেলেছেন সাকিব। যেখানে ৪৭ উইকেট নিয়ে এখন পর্যন্ত টি-টোয়েন্টি
বিশ্বকাপে সর্বোচ্চ উইকেটশিকারি তিনি। আর ৩টি উইকেট নিলেই বিশ্বের প্রথম বোলার হিসেবে
৫০ উইকেট নেওয়ার কীর্তি গড়বেন বাংলাদেশের অলরাউন্ডার। শীর্ষ ৫ উইকেটশিকারির বাকি সবাই
অবসর নিয়েছেন। সাকিবের পর দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি ওয়ানিন্দু হাসারাঙ্গা, তার
উইকেট ৩১টি।
টি-টোয়েন্টি বিশ্বকাপে সাকিবের যাত্রার
শুরুটা ২০০৭ সালে। এরপর আরও সাতটি বিশ্বকাপে অংশ নিয়েছেন এ ক্রিকেটার। যুক্তরাষ্ট্র
ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে অনুষ্ঠেয় বিশ্বকাপ হতে যাচ্ছে সাকিবের নবম বিশ্বকাপ। তার
পাশাপাশি নবম বিশ্বকাপ খেলতে যাচ্ছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। রোহিত ৩৯ ম্যাচ খেললেও
সাকিব খেলেছেন ৩৬টি। সাকিব-রোহিতের পর সর্বোচ্চ ম্যাচ খেলেছেন ডেভিড ওয়ার্নার—৩৪টি।
শুধু তাই নয়, টি-টোয়েন্টি বিশ্বকাপ
সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকার শীর্ষ অষ্টম স্থানে আছেন সাকিব। ৩৬ ইনিংসে ২৩.৯৩ গড়
আর ১২২ স্ট্রাইক রেটে রান করেছেন ৭৪২।