× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ডিপিএল

শীর্ষস্থানের লড়াইয়ে আবাহনী-মোহামেডান

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৪ ০৩:০১ এএম

আপডেট : ০২ এপ্রিল ২০২৪ ১১:৩৭ এএম

শীর্ষস্থানের লড়াইয়ে আবাহনী-মোহামেডান

আবাহনী-মোহামেডান ম্যাচ মানেই বাড়তি কিছু। ফুটবলে যেমন, ক্রিকেটেও তাই। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ সমর্থকরা আজ পাচ্ছেন সেই ঐতিহ্যবাহী মহারণের উপলক্ষ। মুখোমুখি নগরের দুই চিরপ্রতিদ্বন্দ্বীরা। কথার যুদ্ধ, ইতিহাস ঘাঁটাঘাঁটিÑ সবই হচ্ছে হাইভোল্টেজ ম্যাচটি ঘিরে।

নারায়ণগঞ্জের খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে আজ মঙ্গলবার শীর্ষস্থান দখলের লড়াই আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের। ডিপিএলে একই দিন লিজেন্ডস অব রূপগঞ্জ ও শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ম্যাচ। পারটেক্স স্পোর্টিং ক্লাবের ম্যাচ প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে। ম্যাচ দুটি হবে ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান বিকেএসপিতে।

সকাল ৯টায় শুরু এই মহারণ। চলতি লিগে দুপক্ষের এটি প্রথম সাক্ষাৎ। সফলতায় সাতে সাত বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী। এখনও হার তাদের স্পর্শ করেনি। পারটেক্স স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ১৭১ রানের জয় দিয়ে শুরু। শেষটাও মুগ্ধতা ছড়ানো। গাজী গ্রুপ ক্রিকেটার্রসকে ৭ উইকেটে হারিয়ে সপ্তমাকাশে উড়ছে মোসাদ্দেক হোসেন সৈকত ব্রিগেড। মোহামেডানের পথচলাও বীরদর্পে। দারুণ জয়ে শুরু। তবে তৃতীয় ম্যাচে ধাক্কা। ১৮ মার্চের ম্যাচে গাজী গ্রুপ ক্রিকের্টাসের বিপক্ষে হেরেছে তারা, যা প্রভাব ফেলে পয়েন্ট টেবিলে। বাদবাকি ম্যাচগুলোতে পূর্ণ পয়েন্ট নিয়েই মাঠ ছেড়েছেন ইমরুল কায়েসরা। টেবিলে তাদের অবস্থান দ্বিতীয়তে। 

জয়-পরাজয় ছাপিয়ে ম্যাচটি হবে দুদলের ক্রিকেটারদের নিজেদের জাত চেনানোর। মোহামেডানের মাহিদুল ইসলাম অঙ্কনের লড়াই জাকির আলী অনিকের সঙ্গে। ব্যাট হাতে দুজনই ফর্মে। অঙ্কনের সাত ম্যাচে ৪৪৩ রান। কেবল রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে অর্ধশত মিস করেছেন এই ব্যাটার। বাদবাকি ছয় ম্যাচেই পঞ্চাশোর্ধ্ব ইনিংস তার। জাকির খেলেছেন মাত্র ৫টি ইনিংস। তাতেই বাজিমাত। পেয়েছেন তিনটি অর্ধশতক। তার রান ২৫৩। স্টাইক রেট শতকের কাছাকাছি। নাইম শেখও ধারাবাহিক। সাত ইনিংসে তুলেছেন ২৪৪ রান। 

বল হাতে লড়াই জমবে তানভীর ইসলাম ও আবু হায়দার রনির। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে দ্যুতি ছড়ানো তানভীর ডিপিএলে আবাহনীর হয়ে আলো ছড়াচ্ছেন। সাত ম্যাচে তার উইকেট ১৪টি। মোহামেডানের রনি ১২টি। তিনিও খেলেছেন সমসংখ্যক ম্যাচ। যদিও রনি ব্যাট হাতেও অবদান রাখছেন। শেখ জামালের বিপক্ষে সবশেষ ম্যাচে ৪৫ রানের ইনিংস খেলেছিলেন তিনি। এর আগে প্রাইম ব্যাংকের বিপক্ষে পেয়েছিলেন আসরের প্রথম অর্ধশতক (৫৪)। দলের জয়ে রেখেছেন বড় অবদান। টেলার এন্ডে ব্যাট হাতে ফল বদলে দেওয়ার ক্ষমতা রাখেন মোহামেডানের এই পেসার।

কাগজে-কলমে আবাহনী এগিয়ে থাকলেও সম্ভাবনা আছে মোহামেডানের। ক্রিকেট যদি-কিন্তু আর অনিশ্চয়তার খেলা। তারপরও দুই হেভিওয়েটের লড়াই যে বাড়তি উত্তাপ আর উত্তেজনায় ঠাসা থাকবে, তা বলাই বাহুল্য। আবাহনীর শীর্ষস্থান অক্ষুণ্ন থাকবে নাকি চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে লিগে সমতায় ফিরবে মোহামেডান, সেটিই এখন দেখার ব্যাপার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা