প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৪ ২১:৫৩ পিএম
গত বছর কাজাখস্তানে এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ৬০ মিটার স্প্রিন্টে স্বর্ণ জিতেছিলেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। সোমবার ইরানের তেহরানে ৬০ মিটার স্প্রিন্টের ফাইনালে চতুর্থ হয়েছেন তিনি। আট জন ফাইনালিস্ট তিনটি পদকের জন্য দৌড়েছিলেন। ইমরানুর চার নম্বর লেনে শুরুতে খানিকটা পিছিয়ে থাকলেও কয়েক মিটার পর অবশ্য কাভার করেছিলেন। তবে শেষ ১৫ মিটারে বেশ পিছিয়ে পড়েন তিনি।
ইমরান এবার ৬০ মিটার স্প্রিন্টের প্রাথমিক হিটে করেছিলেন ৬.৬২ টাইমিং। সেমিফাইনালে সেই টাইমিং কমিয়ে ৬.৬০ করেছিলেন। এরপর আজ ফাইনালে ৬.৬৭ টাইমিং করায় শিরোপার দৌড়ে থাকতে পারেননি। গত আসরে ৬.৫৯ টাইমিংয়ে স্বর্ণ জিতেছিলেন ইমরানুর।
এবার তেহরানে স্বর্ণ জিতেছেন ওমানের আলী আনওয়ার। তার টাইমিং ৬.৫২। জাপানের সুহিই ও উত্তর কোরিয়ার জো ইয়ম ৬.৫৬ ও ৬.৬৬ টাইমিং নিয়ে যথাক্রমে রৌপ্য ও ব্রোঞ্জ পদক পান। ইমরানুর হিটের টাইমিং করলেও অন্তত ব্রোঞ্জ পদক পেতেন।