সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৪ ২০:২৩ পিএম
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪ ২১:৪৮ পিএম
ঘরের মাঠে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রথমার্ধে এক গোলে পিছিয়ে পড়েছিল বাংলাদেশের মেয়েরা। নির্ধারিত সময়েও কোনো গোল করতে না পারায় ভারতের কাছে শিরোপা খোয়ানোর দাঁড়প্রান্তে ছিল তারা। তবে ম্যাচের অতিরিক্ত সময়ের গোলে স্বাগতিকদের সমতায় ফেরান সাগরিকা। এরপর শিরোপা নির্ধারণে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানেও দুই দল টানটান লড়াইয়ে ১১ জন করে খেলোয়াড় পেনাল্টি শট নিয়ে গোল আদায় করেন। এরপর শেষ পর্যন্ত টস ভাগ্যে শিরোপা খোয়াল বাংলার মেয়েরা। কিন্তু টসের নিয়ম ঘিরে নাটকীয়তা শুরু হয়।
আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) কমলাপুর স্টেডিয়ামে সাফের ফাইনালে ম্যাচের ৮ মিনিটেই লিড নেয় ভারতের মেয়েরা। স্বাগতিকদের রক্ষণ দুর্বলতা ও গোলরক্ষকের ভুলটা কাজে লাগান শিবানী দেবী৷ ভারতীয় মিডফিল্ডার নিতু লিন্ডার থ্রুতে বাংলাদেশের দুই ডিফেন্ডারকে পেছনে ফেলে বুদ্ধিদীপ্তভাবে প্লেসিংয়ে বল জালে পাঠান এই ফরোয়ার্ড। ৮ মিনিট পর ব্যবধান বাড়ানোর সুযোগ ছিল ভারতের। বক্সের মধ্যে গোলদাতা শিবানী দেবী ভালো পজিশনে বল পান। তার নেয়া ডান পায়ের শট পোস্টের সামান্য উপর দিয়ে যায়৷ তাতে এ যাত্রায় রক্ষা পায় বাংলাদেশের মেয়েরা।
পিছিয়ে পড়ে ম্যাচে ফেরার আপ্রাণ চেষ্টা করে বাংলাদেশের মেয়েরা৷ তবে সমতা আনার মতো সুযোগ সেভাবে তৈরি করতে পারেনি স্বাগতিক দল৷ ৩৫ মিনিটে স্বপ্না রাণীর দুই জনকে কাটিয়ে শট নিলেও বাইরে দিয়ে যায় ৷ প্রথমার্ধে বাংলাদেশ তেমন উল্লেখযোগ্য কোনো আক্রমণ করতে পারেনি। ফলে ১-০ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় তারা। এরপর নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ হলেও কোনো দলই জালের দেখা পাননি। ফলে শিরোপা উদযাপনের অপেক্ষায় ছিল ভারতের মেয়েরা। ঠিক সেই মুহূর্তে সাগরিকা গোল করে বাংলাদেশকে ম্যাচ ফেরান।
ম্যাচে রেফারি চার মিনিট ইনজুরি সময় দেন। ৩ মিনিটে আফিদা খন্দকারের থ্রো ইন থেকে বাংলাদেশের সাগরিকা বক্সের আগে জটলায় বলের নিয়ন্ত্রণ নেন৷ নিজ প্রচেষ্টায় বক্সে বল নিয়ে কোনাকুনি শটে গোল করেন সাগরিকা। যার গোলে বাংলাদেশ ভারতকে হারিয়েছিল গ্রুপ পর্বের ম্যাচে। টুর্নামেন্টের বাইলজ অনুযায়ী নির্ধারিত সময় সমতা থাকলে খেলা সরাসরি টাইব্রেকারে গড়ায়। সেখানেও ১১-১১ এ সমতা হয়। এর ফলে টসের মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হয়। টস ভাগ্যে জয় হয় ভারতের। হারের পর এই টস নিয়ে অসন্তোষ ছিল বাংলাদেশি খেলোয়াড়দের মধ্যে।