বলেছেন সিলেট স্ট্রাইকার্সের ম্যানেজার
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৪ ১৮:৪৫ পিএম
ফিটনেস ইস্যুতে মাশরাফিকে নিয়ে জমেছে কথা— সিলেট স্ট্রাইকার্সের ছবি
ঢাকা পর্বেই জোরাল হয়েছিল কথাটি, ‘আনফিট মাশরাফি কেন খেলছেন?’ সিলেট স্ট্রাইকার্সের অধিনায়কের দলে থাকা নিয়েও চলছে আলোচনা-সমালোচনা। মাশরাফি বিন মর্তুজা নিজেও জানিয়েছেন, খেলার জন্য আদর্শ অবস্থানে নেই তিনি। তবে মাশরাফিতেই আস্থা রেখেছে সিলেট। ফ্রাঞ্চাইজিটির মালিকপক্ষ থেকে কোচ হয়ে দলের খেলোয়াড়— সবাই চান নেতৃত্বের জন্য হলেও খেলুক মাশরাফি। আজ রবিবার সেই সুরে সুর মিলিয়েছেন দলের ম্যানেজার নাফিস ইকবাল।
ঢাকা পর্বে দুটি হারের পর সিলেট পর্বেও হার দিয়ে শুরু করেছে মাশরাফির সিলেট। হারের বৃত্তে ঘুরপাক খাওয়া দলটি খুব দ্রুত নিজেদের ফিরে পাবে, সেটি মাশরাফির নেতৃত্বগুণেই— এমনটি মনে করছেন সিলেটের ম্যানেজার, ‘আমরা জানি মাশরাফি কতটা শক্তিশালী। শুধু মাঠে খেলোয়াড় হিসেবে না, তার মধ্যে অসাধারণ নেতৃত্বগুণ রয়েছে। দলকে নেতৃত্ব দেয়ার জন্যও কিন্তু দেখতে হয়। আমাদের ফ্রাঞ্চাইজি মালিক যারা রয়েছেন তারা চান ওই নেতৃত্বের জায়গা থেকেই মাশরাফি যেন একাদশে থাকে।’
আজ সিলেটের ছিল ঐচ্ছিক অনুশীলন। দলের বাকি প্রায় সব সদস্য থাকলেও সেখানে ছিলেন না মাশরাফি। দীর্ঘসময় ক্রিকেটারদের সঙ্গে এদিন সিলেটে কাজ করেছেন কোচ রাজিন সালেহ। চেষ্টা করেছেন সকলকে চাঙ্গা রাখতে। ফিটনেস ইস্যুতে ধুঁকতে থাকা মাশরাফি কেন অনুশীলন করেননি, সেটির উত্তর কৌশলে দিয়েছেন নাফিস ইকবাল, ‘যদি প্রস্তুতির জায়গা থেকে বলেন, আগে একটা জাতীয় সংসদ নির্বাচন ছিল। যার কারণে সে নিজেকে প্রস্তুত করতে পারেনি। কিন্তু যদি সব শেষ ম্যাচটি দেখেন, সে খুবই ভালো করেছে, তার বোলিংও ভালো হয়েছে। সুতরাং আমার মনে হয়, যতই দিন যাবে সে আরও ভালো করবে। ক্রিকেট অনেক পেশাদার জায়গায় চলে গেছে। এখানে একদিনের অনুশীলনের থেকে তিন দিনের বিশ্রামটা বেশি জরুরি। আপনি কীভাবে আপনার মনকে পরিষ্কার রাখবেন, কীভাবে পরিকল্পনা করবেন, এটা সম্পূর্ণই আপনার ওপরে নির্ভর করছে।’
সেই পরিকল্পনা এবং মনের শক্তিশালী দিকে মাশরাফিকে ওপরের দিকেই রাখছেন নাফিস। পারফরম্যান্সের চেয়েও তাই তার নেতৃত্বগুণ বিবেচনায় দলে রাখা উচিত বলে মনে করেন সিলেটের ম্যানেজার, ‘গুরুত্বপূর্ণ কথা হচ্ছে মাশরাফির মেন্টালিটি সব থেকে শক্তিশালী। এই গুণটা সে সৃষ্টিকর্তা থেকে পেয়েছে উপহার হিসেবে। সবার মধ্যে এই জিনিসটা থাকে না। নেতৃত্বের মাধ্যমে সবকিছুর সঙ্গে ভালোভাবে মানিয়ে নিতে পারে মাশরাফি।’
আগামীকাল দুপুর দেড়টায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সদের বিপক্ষে মাশরাফিদের চতুর্থ ম্যাচ। হারের হ্যাটট্রিকে ধুঁকতে থাকা সিলেট খুব দ্রুতই মাশরাফির নেতৃত্বগুণেই নিজেদের ফিরে পাবে বলে আশাবাদী নাফিজ ইকবাল, ‘কেউ ইচ্ছা করে হারতে চায় না। যদি রাস্তার মধ্যেও বল করেন তাহলে কেউ ইচ্ছা করে আউট হতে চাইবে না বা হারতে চাইবে না। আমাদের ছোট ছোট কিছু ভুল হয়েছে যার কারণে খেলাগুলোতে হারতে হয়েছে। সবাই এটা নিয়ে কাজ করছে। আশা করি খুব দ্রুত ভালো কিছু পাওয়া যাবে।