প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৪ ১৮:৫৪ পিএম
আপডেট : ১০ জানুয়ারি ২০২৪ ১৯:১৯ পিএম
সন্দ্বীপ লামিচানে
আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন আগেই। সন্দ্বীপ লামিচানের বিরুদ্ধে ধর্ষণের প্রমাণও পাওয়া গেছে। কিন্তু নেপালের সাবেক এ অধিনায়কের বিরুদ্ধে রায় দেওয়া ছিল বাকি। সেই আনুষ্ঠানিকতাও সেরে ফেললেন কাঠমান্ডু জেলা আদালত।
বুধবার (১০ জানুয়ারি) লামিচানেকে আট বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তিন লাখ নেপালি রুপি জরিমানা করা হয়েছে। ভুক্তভোগী কিশোরীকে আরও দুই লাখ রুপি ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
বিচারক শিশির রাজ ধাকালের সিঙ্গেল বেঞ্চ লামিচানকে কারাদণ্ড দেন। আদালতের ইনফরমেশন অফিসার চন্দ্র প্রসাদ পান্থির এই খবর নিশ্চিত করেছে দেশটির সংবাদমাধ্যম দ্য কাঠমান্ডু পোস্টকে।
২০২২ সালের ২১ আগস্ট তিলগঙ্গা হোটেলে ভুক্তভোগীকে ধর্ষণের অভিয়োগ ওঠে লামিচানের বিরুদ্ধে। অভিযোগের প্রমাণ পাওয়ার পর আজ রায় দেন আদালত। তবে আদালত এটা নিশ্চিত করেন, ধর্ষণের সময় ভুক্তভোগী নাবালিকা ছিলেন না।