প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৩ ২২:৪২ পিএম
বিশ্বকাপে পেসারদের বাজে পারফরম্যান্সের কারণে গুঞ্জন ছড়িয়েছিল বাদ পড়তে যাচ্ছেন পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এ বিষয়ে এখনও মুখ খোলেনি। তার আগেই ডোনাল্ড জানিয়ে দেন বিশ্বকাপ শেষেই টাইগারদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবেন। যারপরনাই হতাশ ডোনাল্ড বলেন, ‘হ্যাঁ, আমার শেষ। আমি বাড়ি চলে যাচ্ছি।’
এবার পারফরম্যান্স অ্যানালিস্ট শ্রীনিবাস চন্দ্রশেখরও জানিয়ে দেন, তিনিও আর বাংলাদেশের সঙ্গে থাকবেন না। গত বৃহস্পতিবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে শ্রীনি চাকরিতে না থাকার কথা জানান। দীর্ঘদিন বাংলাদেশ দলের সঙ্গে কাজ করা এই ভারতীয় কিছুটা আবেগপ্রবণও হয়ে পড়েন এ সময়।
তিনি লেখেন, ‘ভারাক্রান্ত হৃদয় নিয়ে অস্ট্রেলিয়া ম্যাচের পর বাংলাদেশ ক্রিকেটকে বিদায় বলতে হবে আমাকে। এই যাত্রার পুরোটাজুড়ে ছিল শেখা, স্মৃতি, উত্থান ও পতন। যা সারাজীবন মনে রাখব।’
বিসিবির সঙ্গে সুযোগের জন্য বোর্ডের সদস্য, ক্রিকেটার, কোচ ও অধিনায়কদের ধন্যবাদ জানান চন্দ্রশেখর।