বিশ্বকাপে দলের খারাপ পারফরম্যান্সের কারণে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড ভেঙে দিয়েছিল দেশটির সরকার। পরে আদালতের রায়ে পুরনো বোর্ড পুনর্বহাল হয়। তবে বোর্ডে সরকার হস্তক্ষেপ করায় শ্রীলঙ্কার সদস্যপদ স্থগিত করেছে আইসিসি।
আজ শুক্রবার বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থাটির এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোনো দেশের ক্রিকেট বোর্ডে সরকারি হস্তক্ষেপ বরদাশত করে না আইসিসি। এর আগেও একবার এই নিয়ম ভাঙায় দেশটিকে সুযোগ-সুবিধা স্থগিত করেছিল বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
বিশ্বকাপে ব্যর্থতার দায়ে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডকে বরখাস্ত করা হয়েছিল সোমবার। পরে লঙ্কান আপিল আদালত এসএলসির অন্তর্বর্তীকালীন কমিটির কার্যক্রম দুই সপ্তাহের জন্য স্থগিত করেছেন। মঙ্গলবার কমিটির কার্যক্রম স্থগিত চেয়ে করা এক রিট পিটিশনের শুনানির পর আদালত এই অন্তর্বর্তীকালীন আদেশ দেন। ফলে আগের ক্রিকেট বোর্ড পুনর্বহাল হয়ে যায়।
শ্রীলঙ্কার সংবাদমাধ্যম ডেইলি মিরর জানায়, ক্রিকেট বোর্ডের দায়িত্ব নিতে এসএলসি কার্যালয়ে গিয়েছিলেন অন্তর্বর্তীকালীন কমিটির চেয়ারম্যান অর্জুনা রানাতুঙ্গা। তবে আদালতের আদেশের পর তিনি বেরিয়ে গেছেন।
লঙ্কানদের বিশ্বকাপজয়ী অধিনায়ক রানাতুঙ্গাকে সভাপতি করে অন্তর্বর্তীকালীন কমিটি নিয়োগ দেওয়া হয়েছিল। তিনি ছাড়াও কমিটিতে ছিলেন আরও ছয়জন– শ্রীলঙ্কা ক্রিকেটের সাবেক সভাপতি উপালি ধর্মদাসা, আইনজীবী রাকিতা রাজাপক্ষে, অবসরপ্রাপ্ত বিচারক এস আই ইমাম, ইরাঙ্গানি পেরেরা ও রোহিনী মারাসিংহে, ব্যবসায়ী হিশাম জামালদিন।