প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৩ ১৬:২৪ পিএম
আগেও মাসসেরার মনোনয়ন পেয়েছিলেন। কিন্তু সেরা হতে পারেননি নাহিদা আকতার। বাংলাদেশের তারকা স্পিনার আরও একবার জায়গা করেছেন সম্মানজনক পুরস্কারের তালিকায়। আইসিসির অক্টোবর মাসে নাহিদার প্রতিদ্বন্দ্বী হয়ে আছেন ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস এবং নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কার।
চট্টগ্রামে পাকিস্তানের বিপক্ষে প্রথমবার টি-টোয়েন্টি সিরিজ জয়ের মিশনে বল হাতে ক্ষুরধার ছিলেন নাহিদা। সিরিজে ৮ উইকেট নিয়ে হন সিরিজসেরা। দুর্দান্ত কাটানো অক্টোবরে অনেকটা অনুমিত ছিল মাসসেরা বাছাইয়ের সংক্ষিপ্ত তালিকায় থাকবেন নাহিদা। আছেনও। এবার সেরা হওয়ার পালা।
নাহিদার মতো তালিকার বাকি দুজনও সবশেষ সিরিজে হয়েছেন সিরিজসেরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ৩১০ রানের সঙ্গে ৫ উইকেট নিয়েছেন ম্যাথিউস। ২ ম্যাচের ওয়ানডে সিরিজে করেন ৪৩ রান। নিউজিল্যান্ডের অ্যামেলিয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১৩৪ রান জমা করেছেন, বল হাতেও আছে ২ উইকেট।
ছেলেদের তালিকায় কুইন্টন ডি ককের প্রতিদ্বন্দ্বী হয়ে আছেন রাচিন রবীন্দ্র এবং জাসপ্রিত বুমরাহ।