ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২২ ১৩:৫২ পিএম
আপডেট : ১৪ নভেম্বর ২০২২ ১৯:১০ পিএম
ওয়েস্ট ইন্ডিজের দেওয়া ১৪৭ রানের লক্ষ্য তাড়া করে সহজেই জয় পেয়েছে আয়ারল্যান্ড। ১৭ ওভার ৩ বল খেলে মাত্র ১ উইকেট হারিয়ে জয় পেল আইরিশরা। এ জয়ে সুপার টুয়েলভে জায়গা করে নিল দলটি।
অন্যদিকে সুপার টুয়েলভে যাওয়ার আশা দুরাশা রয়ে গেল দুবারের চ্যাম্পিয়ন ক্যারিবীয়দের।
শুক্রবার (২১ অক্টোবর) টস জিতে আগে ব্যাট করে ১৪৭ রানের লক্ষ্য দেয় ওয়েস্ট ইন্ডিজ। লক্ষ্য তাড়ায় নেমে অ্যান্ডি বালবির্নি আর পল স্টারলিংয়ের ওপেনিং জুটিতেই জয়ের কাছাকাছি চলে যায় আয়ারল্যান্ড। ৪৫ বলে তারা গড়েন ৭৩ রানের জুটি। বালবির্নি ২৩ বলে ৩৭ রানের ইনিংস খেলে আউট হন।
ঝোড়ো হাফসেঞ্চুরি করেন স্টারলিং। ৪৮ বলে ৬ চার আর ২ ছক্কায় ৬৬ রানে অপরাজিত থাকেন এই ওপেনার। ৩৫ বলে ১ বাউন্ডারি আর ৩ ছক্কায় ৪৭ রান নিয়ে বিজয়ীরবেশে তার সঙ্গে মাঠ ছাড়েন লরকান। স্কোর সমান হলে ছক্কা মেরেই ম্যাচ শেষ করেন তিনি।
এর আগে হোবার্টের বেলেরিভ ওভালে টস জিতে ব্যাটিংয়ে নেমে ২৭ রানের মধ্যে দুই ওপেনারকে হারিয়ে বসে ওয়েস্ট ইন্ডিজ। কায়াল মায়ার্স ১ আর জনসন চার্লস ১৮ বলে ২৪ করে ফেরেন সাজঘরে। এরপর এভিন লুইস ১৮ বলে ১৩ রানের ধীরগতির ইনিংস খেলেন।
অধিনায়ক নিকোলাস আউট হন ১১ বলে ১৩ রান করে। রভম্যান পাওয়েল ৮ বলে মাত্র ৬ করে ফেরেন সাজঘরে। ১১২ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে ক্যারিবীয়রা।
তবে একপ্রান্ত আগলে রেখে ব্যাট করছিলেন ব্রেন্ডন কিং। ৪৮ বলে ৬ চার আর ১ ছক্কায় ৬২ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। ১২ বলে ১৯ রান করেন ওডিয়েন স্মিথ।
ব্রেন্ডন কিংসের হাফসেঞ্চুরিতে ভর করে ৫ উইকেটে ১৪৬ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ।
আয়ারল্যান্ডের পক্ষে ৪ ওভারে মাত্র ১৬ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন গ্যারেথ ডেলানি।
প্রবা/আরএম/জেও/এমআই