প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ আগস্ট ২০২৩ ০৯:০৯ এএম
কে হবেন এশিয়া কাপে তামিম ইকবালের বিকল্প? ঘুরেফিরে অনেকের নামই শোনা যাচ্ছে ক্রিকেটপাড়ায়। সেখানে আছে নাঈম শেখ, সাইফ হাসান, সৌম্য সরকার ও তানজিদ তামিমের নাম। ইমার্জিং এশিয়া কাপের পারফরম্যান্সের কারণে তানজিদ তামিমের নাম আলোচনায় অনেক বেশি। সেই আলোচনা আরও বাড়িয়ে তুলেছে তানজিদ তামিমের সঙ্গে হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের বিশেষ ক্লাস।
আরও পড়ুন : পারফর্ম করতে ক্ষুধার্ত বোল্ট
গতকাল মিরপুর ইনডোর স্টেডিয়ামে হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহে বেশ অনেকটা সময় নিয়ে কাজ করেছেন এই বাঁহাতি ওপেনারের সঙ্গে। ব্যাটিং অনুশীলনের সময় তামিমের করা ভুলগুলো শুধরে দিচ্ছিলেন। অবশ্য শুধু তামিম নন, নাঈম শেখের সঙ্গেও কিছুটা সময় কাজ করতে দেখা যায় এই লঙ্কানকে।
এশিয়া কাপের বিবেচনায় আসার আগে তামিমের ছন্দের শুরু হাথুরুসিংহের দেশ শ্রীলঙ্কায়। ইমার্জিং এশিয়া কাপে ৪ ম্যাচে তার ব্যাটে আসে ১৭৯ রান। ছিল তিন ফিফটি আর স্ট্রাইক রেট ১১৬.৯৯। এমন উজ্জ্বল পারফরম্যান্স তানজিদ তামিমকে আলোচনায় এনেছে এশিয়া কাপের জন্য। দলে সুযোগ মিললে তার জন্য সেটা অবশ্য আশীর্বাদ হবে। এশিয়া কাপে ভালো কিছু করতে পারলে বিশ্বকাপের দলেও তার সুযোগ মিলতে পারে। সেটা অবশ্য স্পষ্ট বিসিবি কর্তাদের কথায়। তারা বারবারই বলেছেন, ‘এশিয়া কাপের দলই খেলবে বিশ্বকাপে।’
যুব বিশ্বকাপজয়ী দলের তানজিদ তামিমের প্রথম শ্রেণি কিংবা টি-টোয়েন্টি ক্যারিয়ারের মতো উজ্জ্বল নয় লিস্ট ‘এ’ ক্যারিয়ারের পারফরম্যান্স। বরং তার লিস্ট ‘এ’ ক্যারিয়ারের পারফরম্যান্স দেখে হতাশই হতে হয়। ৪৬ ম্যাচে ২৮.৮৮ গড়ে করেছেন ১২৭১ রান। সেই খরা কেটেছে সবশেষ ডিপিএলে। সেই ছন্দ ধরে রাখেন বাংলাদেশ ‘এ’ দলের জার্সিতে সদ্য শেষ হওয়া ইমার্জিং এশিয়া কাপে। তার সেখানকার পারফরম্যান্সই মূলত আশা দেখাচ্ছে বাংলাদেশ সমর্থকদের। ডিপিএলে ব্রাদার্স ইউনিয়নের জার্সিতে ৪৩.০৯ গড়ে করেন ৪৭৪ রান। মূলত এতেই আশা জেগেছে বাংলাদেশের জার্সিতে ভালো কিছু করতে পারেন এই ওপেনার।
গতকাল কোচ চন্ডিকা হাথুরুসিংহের অধীনে ইনডোরে অনেকটা সময় অনুশীলন করেন তামিম। নেটে থাকা নেট বোলারদের পাশাপাশি ভারতীয় ‘রিস্ট’ স্পিনার কারাপ্পাক জিয়াসকে সামলান। সেখানে করা ভুলগুলো হাথুরুসিংহে তামিমের দিকে এগিয়ে গিয়ে শুধরে দেন। বারবার বোঝাচ্ছিলেন কীভাবে প্রতিপক্ষ বোলারদের সামলাতে হবে। ‘ছোট’ তামিমের সঙ্গে হাথুরুসিংহের টেকনিক্যাল কথাবার্তা দূর থেকে দেখে কিছুটা স্পষ্ট এশিয়া কাপে হয়তো তামিম ইকবালের ‘বিকল্প’ হতে যাচ্ছেন তিনি। তবে সেই ধারাবাহিকতা এশিয়া কাপের পরে থাকবে কি না সেটা অবশ্য এখনও নিশ্চিত নয়। কারণ, ইতোমধ্যেই ইনজুরি থেকে ফেরার প্রক্রিয়া শুরু করেছেন তামিম ইকবাল। নিউজিল্যান্ড সিরিজের আগে তামিম ফিরলে হয়তো সাইড বেঞ্চে চলে যেতে হবে তানজিদ তামিমকে।
হাথুরুসিংহে অবশ্য তামিমকে নিয়ে কাজ করেননি। তামিম ইকবালের অবসরের পর লিটনের ওপেনিং সঙ্গী হওয়া নাঈম শেখকে নিয়েও কাজ করেছেন। গতকাল মিরপুরে বাংলাদেশ দলের ড্রেসিংরুমের সামনে নাঈমকে নিয়ে অনেকটা সময় কথা বলেন। দেখা যায়Ñ ব্যাটিং নিয়ে শ্যাডো করে ভুলগুলো শুধরে দিচ্ছেন কোচ হাথুরুসিংহে। হেড কোচ বুধবার বাংলাদেশে ফিরে বৃহস্পতিবারই চলে যান মিরপুরে। সেখানে শুধু ক্রিকেটারদের নিয়েই কাজ করেননি।
মিরপুরের কিউরেটর গামিনি ডি সিলভা, স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথের সঙ্গেও কথা বলতে দেখা গেছে তাকে। এখনও এশিয়া কাপের দল ঘোষণা না হওয়ায় শুরু হয়নি ক্রিকেটারদের পূর্ণাঙ্গ প্রস্তুতি। ফলে অল্পসংখ্যক ক্রিকেটারদের নিয়েই মিরপুরে কাটছে কোচদের ব্যস্ত সময়।