× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইমার্জিং এশিয়া কাপে ‘লক্ষ্যহীন’ বাংলাদেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ জুন ২০২৩ ১৭:১৮ পিএম

ইমার্জিং এশিয়া কাপে ‘লক্ষ্যহীন’ বাংলাদেশ

প্রতিপক্ষ বিবেচনায় শক্তিমত্তায় পেছনে থাকলেও যেকোনো টুর্নামেন্টেই শিরোপা জয়ের স্বপ্ন থাকে অংশগ্রহণকারী দলগুলোর। সেই যাত্রায় অবশ্য ব্যতিক্রম বাংলাদেশ। ইমার্জিং নারী এশিয়া কাপে বাংলাদেশ দল ‘লক্ষ্যহীন’। অন্তত অধিনায়ক লতা মণ্ডলের কথায় তা স্পষ্ট। টুর্নামেন্টে শিরোপা জয়ের লক্ষ্য থাকবে কি না এমন প্রশ্নের জবাবে লতার স্পষ্ট জবাব- ‘এ রকম কোনো লক্ষ্য নেই।’

গতকাল ইমার্জিং এশিয়া কাপ খেলতে দেশ ছেড়েছেন বাংলাদেশের মেয়েরা। ৮ দলের এই টুর্নামেন্টে বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে। সেখানে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ‘এ’ দল, মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাত। টুর্নামেন্টে খেলতে যাওয়ার আগে গতকাল বিকালে মিরপুরে হয়েছে আনুষ্ঠানিক ফটোসেশন। এরপরই অধিনায়ক লতা মণ্ডল গণমাধ্যমকে জানান, তার লক্ষ্য ভালো ক্রিকেট খেলা। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য থাকছে না তাদের।

তিনি বলেন, ‘আমরা আসলে যাচ্ছি মূলত ভালো ক্রিকেট খেলতে, বাকিটা আসলে জানি না কী হবে। ফলাফল কী হবে সেটা আমি বলতে পারব না।’ নিজেদের প্রস্তুতি নিয়ে ভাষ্য, ‘মাত্র প্রিমিয়ার লিগ খেলছিলাম, এখনও চলছে। আমরা যেহেতু খেলার মধ্যে ছিলাম, ক্যাম্পেও ছিলাম, প্রস্তুতি ভালো, বাকিটা আপনাদের দোয়া।’

জাতীয় দলের হেড কোচ হাসান তিলকারত্নের কাঁধেই পড়েছে ইমার্জিং দলের দায়িত্ব। তিনিই ক্রিকেটারদের কোচিং করাচ্ছেন এই টুর্নামেন্টের আগে। দেশ ছাড়ার আগে তিলকারত্নে অবশ্য অধিনায়কের মতো নন। তিনি আশাবাদী ইতিবাচক ফলের ব্যাপারে- ‘আমাদের দল খুব ভালো। অভিজ্ঞতা ও তারুণ্যের দারুণ মিশেল। ধৈর্য ধরতে হবে, তাদের নিজেদের মেলে ধরার সুযোগ দিতে হবে। আমি নিশ্চিত, আমরা অনেক ইতিবাচক ফল পাব।’ টুর্নামেন্টে ম্যাচ বাই ম্যাচ এগোনোর পরিকল্পনা তার, ‘ভালো সুযোগ আছে আমাদের। কোচ হিসেবে আমি দল নিয়ে আত্মবিশ্বাসী। আমাদেরকে ম্যাচ বাই ম্যাচ মনোযোগ দিতে হবে।’ মেয়েদের প্রতি আত্মবিশ্বাস রেখে তার ভাষ্য, ‘আমি মনে করি মেয়েরা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।’

ইমার্জিং এশিয়া কাপে বাংলাদেশের গ্রুপে মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাতের মতো ছোট দল আছে। তিলকারত্নে অবশ্য তাদেরকে ছোট করে দেখছেন না। এই নিয়ে তিনি বলেন, ‘কোনো দলকে আমি হালকাভাবে নিচ্ছি না। বিশেষ করে টি-টোয়েন্টি সংস্করণে যেকোনো দল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে পারে।’

আগামী ১২ জুন মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে ১৪ ও ১৬ জুন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা