প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ মে ২০২৩ ১২:২৯ পিএম
আপডেট : ২৪ মে ২০২৩ ১২:৪৩ পিএম
এবারের জুনিয়র এশিয়া কাপে বাংলাদেশ গেছে বিশ্বকাপ নিশ্চিত করার লক্ষ্য নিয়ে। সে যাত্রার শুরুটা বেশ ভালো হলো বাংলাদেশের। টুর্নামেন্টের শুরুর দিনেই ২-০ গোলে হারিয়ে দিয়েছে স্বাগতিক ওমানকে।
গেল জানুয়ারিতে এই ওমানের বিপক্ষে খেলেই এএইচএফ কাপ জিতেছিল বাংলাদেশ, কেটেছিল জুনিয়র এশিয়া কাপের টিকিট। তবে জানুয়ারির সেই ফাইনালের মতোই এশিয়া কাপেও দুই দল লড়েছে সমানে সমানে।
প্রথম কোয়ার্টার গোল দেখেনি একটিও। দ্বিতীয় কোয়ার্টারে ২২ মিনিটে দলকে গোল এনে দেন তাসিন আলী। ২ মিনিট পর গোল করেন জাহিদ হোসেনও।
পরের দুই কোয়ার্টারে গোলের দেখা পায়নি কোনো দল। ফলে বাংলাদেশ ম্যাচটা জেতে ২-০ গোলে। বাংলাদেশের পুল ‘বি’তে কাল মাঠে নেমেছিল মালয়েশিয়াও। তারা ৮-১ গোলে হারিয়েছে উজবেকিস্তানকে। সেই মালয়েশিয়ারই মুখোমুখি হতে হবে কাল।
১০ দলের এ প্রতিযোগিতায় পুল দুটি করে। দুই পুলের শীর্ষ দুই দল খেলবে সেমিফাইনাল।শীর্ষ তিন দল কাটবে বিশ্বকাপের টিকিট।