× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শহীদ চান্দু স্টেডিয়ামের সরিয়ে নেওয়া মালামাল ফিরিয়ে আনল বিসিবি

বগুড়া অফিস

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৩ ১২:৩৯ পিএম

আপডেট : ১০ এপ্রিল ২০২৩ ১৩:৩৯ পিএম

ট্রাক থেকে মালামাল নামোনোর কাজ করছে কর্মচারীরা। প্রবা ফটো

ট্রাক থেকে মালামাল নামোনোর কাজ করছে কর্মচারীরা। প্রবা ফটো

ঢাকায় নিয়ে যাওয়া সকল মালামাল আবারও বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে ফিরিয়ে এনেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রবিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা থেকে আসা তিনটি কাভার্ড ভ্যান বোঝাই মালামাল বুঝে নেন স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল। সোমবার (১০ এপ্রিল) সকালে মালামাল নামোনোর কাজ শুরু হয়।

ভেন্যু ম্যানেজার প্রতিদিনের বাংলাদেশকে বলেন, 'ঢাকায় নিয়ে যাওয়া সকল মালামাল আবারও ফেরত নিয়ে আসা হয়েছে। ১৭ জন স্টাফের মধ্যে একজন বাদে বাকি সবাই আবার যোগদান করেছেন।'

তিনি বলেন, 'এই কয়েকদিনে মাঠের অবস্থা কিছুটা খারাপ হয়েছে। পর্যাপ্ত পানি না দেওয়ার কারণে এমন হয়েছে। আমরা চেষ্টা করছি মাঠকে আগের অবস্থায় ফিরিয়ে আনার। তবে এখানে যেহেতু খেলা চলছে আগামী ১৩ তারিখের আগে মাঠ সংস্কারের কাজ শুরু করা সম্ভব হবে না।'

স্টেডিয়ামের মূল দায়িত্বে থাকা এই কর্মকর্তা আরও বলেন, 'ঈদের পর বিসিবির পক্ষ থেকে এখানে একটি টিম পরিদর্শনে আসবেন। তারা পরিদর্শন শেষে স্টেডিয়াম সংস্কারের কাজের ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।'

শহীদ চান্দু স্টেডিয়াম এক সময় ফুটবল স্টেডিয়াম ছিল। ২০০৪ সালে ২১ কোটি টাকা ব্যয়ে সেটিকে ক্রিকেট স্টেডিয়ামে রূপান্তর করা হয়। জাতীয় ক্রীড়া পরিষদের মালিকানাধীন ওই স্টেডিয়ামটিকে প্রথমে বিসিবি ক্রিকেট ভেন্যু হিসেবে ঘোষণা করে। এরপর ভেন্যুটি রক্ষণাবেক্ষণের জন্য ১৭ জন স্টাফ নিয়োগ দেয়।

২০০৬ সালের ৩০ জানুয়ারি আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ওই স্টেডিয়ামকে আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু হিসেবে ঘোষণা করে। পরে সেটি আন্তর্জাতিক টেস্ট ভেন্যুর স্বীকৃতি পায়। তবে ২০০৬ সালের ডিসেম্বরের পর ওই ভেন্যুতে আন্তর্জাতিক আর কোনো ম্যাচ অনুষ্ঠিত হয়নি। পরিবর্তে জাতীয় লীগের খেলাগুলো অনুষ্ঠিত হয়। এর পাশাপাশি জেলা ক্রীড়া সংস্থার তত্ত্বাবধানে সেখানে স্থানীয় পর্যায়ের খেলা চলতে থাকে।

তবে স্থানীয় পর্যায়ের ক্রিকেট খেলার কারণে জাতীয় লীগের খেলা পরিচালনার সুযোগ না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে বিসিবি গত ২ মার্চ বগুড়া শহীদ চান্দু ক্রিকেট ভেন্যু বাতিলের ঘোষণা দেয়। একই সঙ্গে ওই ভেন্যু থেকে ম্যানেজারসহ ১৭ স্টাফকে অন্যত্র বদলি করে। এমনকি সরঞ্জামগুলোও সরিয়ে নেয়। এতে ক্রিকেটপ্রেমীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে ৩৮দিন পর নানা জল্পনা-কল্পনার শেষে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়াম বিসিবির ভেন্যু পুনর্বহালের সিদ্ধান্ত হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা