প্রবা ডেস্ক
প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২২ ১৩:০৭ পিএম
আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২২ ১৪:২৬ পিএম
তরুণ পেসার আর্শদীপ সিং। ছবি : সংগৃহীত
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে রবিবার পাকিস্তানের বিরুদ্ধে এশিয়া কাপের সুপার ফোর ম্যাচে রবি বিষ্ণোইয়ের বোলিংয়ে অপেক্ষাকৃত সহজ ক্যাচ ফেলে দেন তরুণ পেসার আর্শদীপ সিং। দল হেরে যাওয়ার পর তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ভয়ংকর ট্রলিংয়ের শিকার হচ্ছেন। তবে এই তরুণ পেসার জানিয়েছেন, কটাক্ষ করে যে টুইটগুলো দেওয়া হচ্ছে সেগুলো পড়ে তার কেবল হাসি পাচ্ছে। তবে এসব থেকে তিনি কেবল ইতিবাচক দিকই গ্রহণ করছেন।
আর্শদীপের বাবা দর্শনা ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকাকে জানিয়েছেন, আর্শদীপের কথাগুলো ঠিক এ রকম--‘এসব টুইট ও বার্তায় আমি হাসছি। আমি শুধুমাত্র এটা থেকে ইতিবাচক কিছু নিতে যাচ্ছি। এই ঘটনা আমাকে আরও আত্মবিশ্বাস দিয়েছে।’
তিনি বলেন, ‘বাবা হিসেবে এটা আমার জন্য খুবই কষ্টের। তার বয়স মাত্র ২৩ বছর। আমি ট্রল সম্পর্কে এর বেশি কিছু বলতে চাই না। আপনি সবার মুখ বন্ধ করতে পারবে না। দর্শক ছাড়া খেলা হয় না। কেউ কেউ আছেন যাই হোক না কেন আপনার পাশে থাকবেন। আবার অনেকেই আছেন যারা একটি হারও মেনে নিতে পারে না। কিন্তু দিন শেষে জয় কেবল একটি দলের।’
ম্যাচ শেষে এক সংবাদ সম্মেলনে ভারতের ব্যাটার বিরাট কোহলি ওই তরুণ পেসারকে সমর্থন জানিয়ে বলেন, ‘এ ধরনের ম্যাচে যে কারও ভুল হতে পারে। আমারও ভুল হয়েছিল। পাকিস্তানের বিপক্ষে চ্যাম্পিয়নস ট্রফির ম্যাচে আমি শহিদ আফ্রিদির বলে বাজে শট খেলেছিলাম। এর পর আমি আর ঘুমাতে পারিনি। ভোর পাঁচটা পর্যন্ত ঘরের সিলিংয়ের দিকে তাকিয়ে ছিলাম। আমি ভেবেছিলাম আমার ক্যারিয়ার শেষ। কিন্তু এই বিষয়গুলো স্বাভাবিক।’
তিনি বলেন, ‘দলের সিনিয়র খেলোয়াড়রা আপনার (আর্শদীপ) পাশে আছে। এখন দলে ভালো পরিবেশও আছে। এ জন্য আমি অধিনায়ক ও কোচকে কৃতিত্ব দিতে চাই। ভুল থেকেই খেলোয়াড়রা শিক্ষা নেয়। সুতরাং কাউকে অবশ্যই ভুলটা স্বীকার করতে হবে। আগামীতে এ ধরনের ম্যাচের জন্য নিজেকে প্রস্তুত করতে হবে।’
এশিয়া কাপের সুপার ফোর ম্যাচে রবিবার ভারতের বিপক্ষে ১৮২ রান তাড়া করতে নেমে পাঁচ উইকেট হারিয়ে জয় পায় পাকিস্তান।
প্রবা/আরকে/এমজে