প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ মার্চ ২০২৩ ২৩:৫৭ পিএম
শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমসের টেবিল টেনিস তরুণী দ্বৈত ইভেন্টে স্বর্ণ জিতেছে চট্টগ্রাম। ফাইনালে চট্টগ্রামের খৈ খৈ মারমা-ঐশী রহমান জুটি ৩-০ গেমে খুলনার লক্ষ্মী দে-আনিকা খাতুন জুটিকে হারিয়ে স্বর্ণ জিতে নিয়েছে। এ ইভেন্টের ব্রোঞ্জ জিতেছে রংপুর ও রাজশাহী। তরুণ বিভাগের দ্বৈতে স্বর্ণপদক জিতেছে চট্টগ্রাম বিভাগ। ফাইনালে চট্টগ্রামের হাসিবুর রহমান ও প্রমিত দে জুটি ৩-১ গেমে রাজশাহীর নাফিস ইকবাল ও জয় ইসলাম জুটিকে হারায়। এই বিভাগে ব্রোঞ্জ জিতেছে খুলনা ও ঢাকা।
জিমনাস্টিকস
জিমনাস্টিকসের তরুণ বিভাগের পোমেল হর্স ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণ জিতেছেন চট্টগ্রাম বিভাগের তণুরায় ত্রিপুরা (১০.৬৫)। রুপা জেতেন ঢাকা বিভাগের উওয়াইমং মারমা (১০.৫৫)। ব্রোঞ্জ জিতেছেন একই বিভাগের জীবন ত্রিপুরা (৯.৬৫)। তরুণী ভল্টিং টেবিল ইভেন্টে স্বর্ণ জিতেছেন চট্টগ্রাম বিভাগের বনফুলি চাকমা (১২.৫০)। ঢাকা বিভাগের খিংখিং সাই মারমা (১১.৯৫) রুপা এবং একই বিভাগের খৈনাই মে মারমা (১১.৩৫) ব্রোঞ্জ জিতেছেন।
তরুণ ভল্টিং টেবিলে স্বর্ণ জয় করেন ঢাকার জীবন ত্রিপুরা (১৩.০০)। রুপা জিতেছেন চট্টগ্রাম বিভাগের তণুরায় ত্রিপুরা এবং ব্রোঞ্জ জেতেন চট্টগ্রামের তড়িৎ মোহন চাকমা। ফ্লোর এক্সারসাইজ ইভেন্টে স্বর্ণ জিতেছেন চট্টগ্রামের নিঝুম খিসা (১১.৯৬৭)। ঢাকার জীবন ত্রিপুরা রৌপ্য এবং রাজশাহী বিভাগের আরিফ ব্রোঞ্জ জেতেন।
কারাতে
তরুণী বিভাগে অনূর্ধ্ব-৫৫ কেজি কুমিতে চট্টগ্রামের রুইতম ম্রো স্বর্ণপদক পেয়েছেন। একই বিভাগের নাদিয়া সুলতানা রৌপ্যপদক পান। বরিশালের মিথিলা আহমেদ মৌ ও সিলেটের নুসরত জাহান শিকদার আনিকা ব্রোঞ্জপদক পেয়েছেন। তরুণ বিভাগে অনূর্ধ্ব-৬৭ কেজি কুমিতে স্বর্ণপদক অর্জন করেছেন রাজশাহী বিভাগের আসাদুল্লাহ হিল। একই বিভাগের মাহিদুর ইসলাম দিপ রৌপ্যপদক পেয়েছেন। রংপুরের সবুজ ও চট্টগ্রামের সুদর্শন বিকাম চাকমা ব্রোঞ্জপদক পেয়েছেন।
অনূর্ধ্ব-৬১ কেজি কুমিতে স্বর্ণপদক অর্জন করেছেন চট্টগ্রাম বিভাগের নাহিদা আক্তার। একই বিভাগের অন্বেষা দে পেয়েছেন রৌপ্যপদক। বরিশালের লামিয়া ইসলাম মোমী ও ঢাকার ফারিহা রেজা ঐশী পেয়েছেন ব্রোঞ্জপদক।
তরুণ বিভাগে অনূর্ধ্ব-৭৫ কেজি কুমিতে ঢাকা বিভাগের সানাউল হক সাকিব স্বর্ণপদক পেয়েছেন। চট্টগ্রামের এসএম জারিফ কবির রৌপ্যপদক পান। ঢাকার ইয়াসিন রোমান ও সিলেটের সৌয্য রায় ব্রোঞ্জপদক পেয়েছেন। তরুণী বিভাগে অনূর্ধ্ব-৬৮ কেজি কুমিতে চট্টগ্রামের উমা চৌধুরী স্বর্ণপদক অর্জন করেছেন। ঢাকা বিভাগের জান্নাতুল ফারহাম উতস পান রৌপ্যপদক। চট্টগ্রামের সামুদা মজুমদার দৃষ্টি ও বরিশালের জারিন তাসনিয়া ইয়ানথা ব্রোঞ্জপদক পেয়েছেন।
তরুণ বিভাগে +৭৫ কেজি কুমিতে ঢাকা বিভাগের নাজিব বিন তৌফিক স্বর্ণ, বরিশালের সৈয়দ রায়হান রৌপ্য এবং ঢাকার ইয়াসিন ইসলাম মাহাদী ও চট্টগ্রামের মুনতাসিরুল ইসলাম ইমন ব্রোঞ্জপদক পেয়েছেন। তরুণী বিভাগে +৬৮ কেজি কুমিতে ঢাকা বিভাগের সুমাইয়া আক্তার রিতু স্বর্ণ, রাজশাহী বিভাগের আতকিয়া নুসরত রৌপ্য এবং বরিশালের মুশরিয়াহ ইরতেসার ও রংপুরের তাসিম আক্তার সুরমা ব্রোঞ্জ জিতেছেন।
হকিতে সেরা ঢাকা বিভাগ
মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে হকির তরুণ বিভাগের ফাইনালে ঢাকা বিভাগ ৩-২ গোলে রাজশাহী বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। ঢাকার হয়ে ২১, ২৫ ও ৫৯ মিনিটে গোল করেন আমিরুল, পাভেল ও দ্বীন ইসলাম। রাজশাহীর হয়ে ২৪ ও ৩৫ মিনিটে গোল করেন হাবিব হোসেন ও তৈয়ব আলী। এ ইভেন্টে ব্রোঞ্জ পেয়েছে চট্টগ্রাম বিভাগ।
কাবাডি
তরুণী বিভাগে চ্যাম্পিয়ন খুলনা। ঢাকা কাবাডি স্টেডিয়ামে ফাইনালে খুলনা ২৬-১৬ পয়েন্টে বরিশাল বিভাগকে হারিয়ে স্বর্ণপদক জয় করেছে। ব্রোঞ্জ জয় করেছে চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগ।