প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০২ মার্চ ২০২৩ ২৩:১৪ পিএম
ক্রিশ্চিয়ানো রোনালদোকে দেখে কি বোঝার উপায় আছে? গত ফেব্রুয়ারিতে তার বয়সটা ৩৮ ছুঁয়েছে। এটা স্রেফ একটা সংখ্যা। চিরসবুজ তারুণ্যই যেন ধারণ করে আছেন পর্তুগিজ মহাতারকা। আর ফিটনেস নিয়ে এই বয়সেও যে কারোর সঙ্গেই পাল্লা দিতে পারেন সিআর সেভেন। তার এই সাফল্যের রহস্য আর কিছু নয়- নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস।
রোনালদোর কড়া ডায়েটে অনুপ্রাণিত হয়েছেন অনেকে। তবে সবার পক্ষে সেটা পালন করা যে সম্ভব নয়। তা প্রমাণ করে দিয়েছেন ব্রাজিলের এক ফুটবলার। রোনালদোর মতো পরিমিত ও সুষম খাদ্যাভ্যাস ফলো করে প্রায় মৃত্যুর মুখে পড়ে গিয়েছিলেন তিনি। ক্লাব পালমেইরাসের ডিফেন্ডার গ্যাব্রিয়েল মেনিনো নিজেই শুনিয়েছেন তার সেই ব্যর্থতার গল্প।
পালমেইরাসের পুষ্টিবিদ মির্তেস রোনালদোর মতো ডায়েট চার্ট করে দিয়েছিলেন মেনিনোকে। ডিম, সাপ্লিমেন্ট, সেদ্ধ খাবার, স্যালাড আর সেদ্ধ মাংস খেয়ে শক্তি প্রায় হারিয়ে ফেলেছিলেন। আর অনুশীলন করতে তো গিয়ে প্রাণ হারাতেই বসেছিলেন।