প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৩ ০০:১০ এএম
আজ মঙ্গলবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আসেন হাথুরুসিংহে। সাদা টি-শার্ট ও শর্টসের সঙ্গে ক্যাপ পরে আসায় সহজেই দূর থেকে তাকে সবার থেকে আলাদা করা যাচ্ছিল।
বেলা ১১টা পার হওয়ার আগেই মিরপুরে পা রাখেন চন্ডিকা হাথুরুসিংহে। শেরেবাংলার করিডরে ক্রিকেটারদের আগে ড্রেসিংরুমে ঢুকলেও মাঠে প্রবেশ করেন প্রায় বেলা ১১টার পর। ততক্ষণে ক্রিকেটাররা মাঠে গা গরম করতে শুরু করে দেন। তখনই মাঠে আসেন এই লঙ্কান মাস্টারমাইন্ড।
মিরপুরের ড্রেসিংরুম থেকে বিসিবির হেড অব হেড প্রোগ্রামস ডেভিড মুরের সঙ্গে মাঠে ঢোকেন। ব্যাটে-বলে অনুশীলন শুরুর আগে তখন মাঠে গা গরম করছিলেন ক্রিকেটাররা। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়া হাথুরুসিংহেকে দেখে সবার আগে তার দিকে এগিয়ে যান নাজমুল হোসেন শান্ত।
দ্বিতীয় মেয়াদে পুরোনো কোচকে দেখে একে একে এগিয়ে আসেন মাঠে থাকা অন্যান্য ক্রিকেটাররা। ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল এগিয়ে এসে কথা বলা শুরু করেন। পেসার এবাদত হোসেন কোচ হাথুরুসিংহেকে দেখে উইকেট শিকারের পর নিজের আইকনিক স্যালুট উদযাপন দিয়ে কুশল বিনিময় শুরু করেন।
তামিম-ইবাদতের পর নাসুম আহমেদের বদলি হিসেবে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দলে জায়গা পাওয়া তাইজুল ইসলামের সঙ্গে আলাদাভাবে কথা বলেন। তার সঙ্গে কথা বলতে বলতেই শেরেবাংলার সেন্টার উইকেটের দিকে এগিয়ে যান হাথুরুসিংহে। সেখানে যুক্ত হন শেরেবাংলার কিউরেটর গামিনি ডি সিলভা। ততক্ষণে হাথুরুসিংহের সঙ্গে কুশল বিনিময় শেষ করে তাইজুল অবশ্য ফিরে যান অনুশীলনে।
উইকেটে চোখ বোলানোর সময় গামিনি ও হাথুরুসিংহের সঙ্গে যুক্ত হন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। সেই সময়ই মাঠে ঢোকেন বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন। দীর্ঘদিন পর হাথুরুসিংহের সঙ্গে দেখা হওয়ার পর তাকে আলিঙ্গনে বাঁধেন সুজন। এরপরেই আলোচনা থামিয়ে বিসিবির ক্রিকেট অপারেশনস ম্যানেজার শাহরিয়ার নাফীসকে সঙ্গী করে ইনডোরের দিকে পা বাড়ান হাথুরুসিংহে।
ইনডোরের বাইরের নেটে আগে থেকেই ব্যাট হাতে অনুশীলন করছিলেন তৌহিদ হৃদয়, মাহমুদুল হাসান জয়, আফিফ হোসেন ও নুরুল হাসান সোহানরা। সেখানে বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ রঙ্গনা হেরাথের দেখা পান হাথুরুসিংহে। তার সঙ্গে দীর্ঘ সময় আলোচনাকালে হৃদয়-জয়-আফিফদের ব্যাটিং দেখেন। হেরাথের সঙ্গে কথা শেষে মিরপুরের মূল মাঠে ফেরার আগে ঢুঁ মারেন সংস্কারাধীন ইনডোরে। সেখান থেকে সরাসরি মাঠে এসে আবারও কিছু সময় গামিনি ডি সিলভার সঙ্গে কথা বলে সরাসরি ড্রেসিংরুমে ঢুকে যান। সেখান থেকে ঠিক কখন হাথুরুসিংহে মাঠ ছাড়েন সেটা আঁচ পাওয়া যায়নি। বিভিন্ন সূত্রে জানা গেছে, দুপুর ২টার দিকে শেরেবাংলা ছাড়েন হাথুরুসিংহে। সংবাদমাধ্যমে তাকে নিয়ে আগ্রহ থাকলেও কথা বলেননি। দ্বিতীয় মেয়াদের প্রথম দিন কথা না বললেও দ্বিতীয় দিন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে দেখা যাবে তাকে। আগামীকাল দুপুর আড়াইটায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের প্রেস কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে আসবেন চন্ডিকা হাথুরুসিংহে। সেখানেই হয়তো জানা যাবে তার পরিকল্পনা ও লক্ষ্য।
চন্ডিকা হাথুরুসিংহে ইংল্যান্ড সিরিজের আগে একটি প্রস্তুতি ম্যাচ দেখবেন, সেটা আগেই জানা ছিল। বিসিবির ক্রিকেট অপারেশন্স ম্যানেজার শাহরিয়ার নাফীস প্রতিদিনের বাংলাদেশকে জানিয়েছেন, বৃহস্পতিবার দুপুর ১২টায় এই প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে। ইংল্যান্ড সিরিজে জাতীয় দলের স্কোয়াড ও আশপাশে থাকা ক্রিকেটারদের নিয়ে এই ম্যাচ আয়োজিত হবে।