প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:১৮ পিএম
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩ ২৩:৪৫ পিএম
রেফারির একটা সিদ্ধান্তেই বদলে যায় দৃশ্যপট। জেতা ম্যাচও হেরে যেতে হয় কখনও কখনও। তবে তার জন্য সমর্থকদের কম সমালোচনা শুনতে হয় না রেফারিকে। সে রকমই এক কাণ্ড ঘটিয়েছে তুরস্কের ক্লাব ফেনেরবাচের সমর্থকরা। আদানা দেমিরস্পরের বিরুদ্ধে ম্যাচে ফল নিজেদের পক্ষে না আসায় পক্ষপাতদুষ্ট রেফারিংয়ের অভিযোগ তুলেছে তারা। এ কারণে ম্যাচেই একদফা সহকারী রেফারিকে গালমন্দ করেছে দলটির সমর্থকরা। তাতেও যেন ক্ষোভ মিটছিল না তাদের।
দ্বিতীয় দফায় ম্যাচ শেষে বিমানে ওঠার পর ওই রেফারিকে পেয়ে যায় সমর্থকরা। আর সেখানে তাকে দেখেই তেলে-বেগুনে জ্বলে ওঠে ক্ষুব্ধ সমর্থকরা। সহকারী রেফারি আবদুল্লাহ বোরা ওজকারাকে মাঝ আকাশেই গালিগালাজ করেছে তারা। সম্প্রতি এ ঘটনার একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। যেখানে দেখা যায়, এক সমর্থক তাকে বলেছেন, ‘আমাদের বিরুদ্ধে কোনো কাজ কোরো না। তোমাকে রাস্তায় বের হতে দেব না। ফেনেরবাচের সমর্থকদের সঙ্গে ঝামেলা করার সাহস দেখিয়ো না।’
বিমানের বাকি যাত্রীরা তাকে নানা কথা শোনালেও তিনি চুপ ছিলেন। এ ঘটনার পর তার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকেই। বলেন, ‘তুরস্কের লিগে এমনিতেই রেফারিরা প্রতি ম্যাচে আক্রমণের শিকার হন। এই ঘটনার পরে তাদের যাতায়াত করাই তো মুশকিল হয়ে পড়বে। নিরাপত্তার অভাব বোধ করবেন তারা।’