প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৩ ১২:৩৯ পিএম
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৩ ১২:৪৬ পিএম
ভারতের জার্সিতে ভবিষ্যতের সম্ভাব্য দুই ওপেনারের মাঝে কি লড়াই চলছে, শুভমান গিল আর ইশান কিষানের বন্ধুত্বও কি শেষ? দর্শকদের মনে ফুটে উঠতে পারে এমন জিজ্ঞাসা। না এসেই বা যাবে কোথায়। দুজনের উত্তেজিত কথা চালাচালি এবং শুভমানের গালে কিষানের সপাট চড়, সবকিছু যেন ভিন্ন বার্তা দিচ্ছিল। কিন্তু ভাইরাল হওয়া ওই ভিডিওতে যদিও তাদের সিরিয়াস দেখা যাচ্ছে, আদপে দুজন নিছক মজা করেছেন।
একটি টিভি শোর জন্য ক্যামেরার সামনে এমন রুদ্রমূর্তিতে দাঁড়িয়েছিলেন শুভমান-কিষান। রোডিজ নামের ওই শোর ভিডিওতে দেখা যাচ্ছে, শুভমানকে বকা দিচ্ছেন ইশান। হঠাৎ শিম্পাঞ্জির মতো লাফিয়ে উঠলেন, ধাক্কা মেরে শুভমান বোঝানোর চেষ্টা করলেন। কিন্তু কিছুতেই বুঝছেন না। শেষে শুভমানকে নিজের গালে চড় মারতে বলেন ইশান। শুভমান মারেনও। ইশানও কষিয়ে দেন এক চড়।
ভিডিওটি নিজেই শেয়ার করেছেন শুভমান। ভক্ত-সমর্থক হয়ে ভারতীয় দলেও বেশ সাড়া ফেলেছে ‘চড়কাণ্ড’। ভিডিওতে মজা নিতে ছাড় দেননি শিবম মাভি, ক্রুনাল পাণ্ডিয়া ও হার্দিক পাণ্ডিয়ার স্ত্রী। ভীষণ মজা পেয়েছেন রাহুল তেওয়াটিয়াও।