প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৩ ১৩:৩৭ পিএম
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৩ ১৬:৫৯ পিএম
বাংলাদেশের ক্রিকেটে প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর উত্তরসূরির নাম এখনো ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে সাকিব-মুশফিকদের কোচ হয়ে আবার বাংলাদেশে আসছেন চন্ডিকা হাথুরুসিংহে-এমন ঘোষণা এখন সময়ের ব্যাপার মাত্র। এর মাঝেই নিউ সাউথ ওয়েলসের চাকরি ছেড়েছেন লঙ্কান কোচ।
অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে সহকারী কোচ হিসেবে কাজ করতেন হাথুরুসিংহে। মঙ্গলবার এক বিবৃতিতে সাবেক টাইগার কোচের চাকরি ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছে দ্য ব্লুজ। ২০২০ সালে চুক্তিবদ্ধ হয়ে দুই বছর অস্ট্রেলিয়ায় কাটিয়েছেন লঙ্কান জার্সিতে ২৬ টেস্ট খেলা হাথুরুসিংহে। তার জায়গায় ব্যাটিং কোচ হিসেবে বাকি মৌসুমে দলের দায়িত্ব নেবেন সাবেক অস্ট্রেলিয়ান ক্যামেরন হোয়াইট।
নিউ সাউথ ওয়েলসের এলিট মেল ক্রিকেটের প্রধান মাইকেল ক্লিঙ্গার হাথুরুকে অভিনন্দন জানিয়ে বলেছেন, ‘ক্রিকেট এনএসডব্লু, ব্লুজ ও সিডনি থান্ডারে চন্ডি গত দু’বছর দারুণ অবদান রেখেছেন। তার চলে যাওয়াতে আমরা দুঃখিত। কিন্তু তার আন্তর্জাতিক কোনো দলের কোচিং করানোর ইচ্ছার বিষয়টি বুঝতে পেরেছি। কোচিং ক্যারিয়ারের পরবর্তী অধ্যায়ের জন্য শুভকামনা রাখছি।’
বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিল, বাংলাদেশের টেস্ট ও ওয়ানডে ক্রিকেটের দায়িত্ব নিতে হাথুরুসিংহেকে নিয়োগ দিতে পারে বিসিবি। এর আগে, ২০১৪-১৭ সাল পর্যন্ত প্রধান কোচ হিসেবে বাংলাদেশের হয়ে কাজ করেছেন লঙ্কান। দায়িত্ব ছেড়ে দুই বছর নিজ দেশের হয়েও কাজ করেছেন। এরপর ২০২০ সালে আবার নিউ সাউথ ওয়েলসের ফিরে যান। এবার মৌসুমের মাঝে চাকরি ছাড়লেন। তবে কি বাংলাদেশের দায়িত্ব নিতে অজি মুলুকের কোচিং ছেড়েছেন হাথুরু?
সব ঠিকঠাক থাকলে সাকিব-মুশফিকদের দায়িত্ব বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সফল কোচের হাতে আরেকবার ওঠা যেন বিসিবির ঘোষণার ব্যাপার মাত্র।