প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৩ ২১:১১ পিএম
গত বছর অস্ট্রেলিয়ায় খেলতে পারেননি। করোনা টিকা না নেয়ার কারণে বিতাড়িত হয়েছিলেন অস্ট্রেলিয়া থেকে। এক বছর পর দেশটিতে ফিরেই জেতেন অ্যাডিলেড ইন্টারন্যাশনাল ট্রফি। বিজয়ীর বেশেই অ্যাডিলেড থেকে মেলবোর্নে পা রাখেন নোভাক জোকোভিচ। সার্বিয়ান এ তারকা এবার জিতে নিলেন অস্ট্রেলিয়ান ওপেন ট্রফি।
গ্রীসের স্তেফানোস সিতসিফাসকে ৬-৩, ৭-৬ (৭-৪) ও ৭-৬ (৭-৫) গেমে জিতে ক্যারিয়ারের দশম অজি ওপেন জেতেন জোকোভিচ। সঙ্গে রাফায়েল নাদালের রেকর্ড ২২ গ্র্যান্ড স্ল্যাম ট্রফি জয়ের রেকর্ড ছুঁয়ে ফেলেছেন আসরের চতুর্থ বাছাই।
মেলবোর্নে চ্যাম্পিয়ন হয়েই বিশ্ব টেনিস র্যাঙ্কেংয়ের শীর্ষে ফিরছেন জোকোভিচ। আগামীকাল সোমবার প্রকাশ হতে যাওয়া নতুন র্যাঙ্কিংয়ে নাম্বার ওয়ান পজিশনে ফিরতে যাচ্ছেন ৩৫ বছরের এ মেগাস্টার।
গ্রীক প্রতিপক্ষ সিতসিপাস ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জয়ের স্বপ্ন দেখেছিলেন। কিন্তু জোকোভিচ জেতায় তার স্বপ্নপূরণের অপেক্ষাটা বেড়ে গেল।