প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৯ জানুয়ারি ২০২৩ ১১:৪২ এএম
মুখ লুকানোর পথ খুঁজছেন ধর্ষণের মামলায় অভিযুক্ত দানি আলভেজ। বর্তমানে স্পেনের একটি জেলে আটক আছেন ব্রাজিলের রক্ষণ তারকা। জামিনে মুক্তি পেতেও তোড়জোড় শুরু করে দিয়েছেন। বার্সেলোনার একটি নাইট ক্লাবে তরুণীকে যৌন হয়রানির মামলা থেকে মুক্ত হতে আইনজীবীও নিয়োগ দিয়েছেন। সেই আইনজীবী ক্রিস্তোবাল মারতেল শুনিয়েছেন শঙ্কার কথা। জামিন তো দূরে, মামলায় ফেঁসেও যেতে পারেন সাবেক বার্সা তারকা। এমন অবস্থায় পরিবারের সঙ্গেও চাচ্ছেন না দেখা করতে।
মূলত লজ্জায় পরিবারকে জেল থেকে দূরে রাখছেন আলভেজ। কেননা তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর তদন্তে আঙুল তার দিকেই উঠছে। ঘটনাস্থল থেকে বেশ কিছু তথ্য-উপাত্ত ও প্রমাণ উদ্ধার করেছে বার্সেলোনার আইনশৃঙ্খলা বাহিনী। যার পুরোটাই আলভেজের বিরুদ্ধেই যাচ্ছে। এমন সময়ে পরিবার সামনে এলে, বিশেষ করে তার স্ত্রী হোয়ানা সানজের প্রশ্নের মুখে পড়তে পারেন। সে জন্যই তাদের এড়িয়ে যাচ্ছেন।
লজ্জা পাওয়ার বিষয়টি সামনে এনে আলভেজের আইনজীবী বলেছেন, ‘তিনি চাইছেন না পরিবারের সদস্যরা জেলে গিয়ে তার সঙ্গে দেখা করুক। সেখানে তাদের দেখলে লজ্জা পাবেন আলভেজ।’ তবে যা ঘটার বা জানার তা জেনে গেছেন হোয়ানা। ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে আলভেজের সঙ্গে থাকা ছবিগুলো মুছে দিয়েছেন স্প্যানিশ মডেল।
আলভেজের ফেঁসে যাওয়াও দেখছেন অনেকে। ভিন্ন সময়ে ভিন্ন স্টেটমেন্ট দিচ্ছেন তিনি। মারতেল বলেছেন, ‘অভিযোগকারী ওই নারীর সঙ্গে আলভেজের দৈহিক সম্পর্ক সম্মতির ভিত্তিতেই হয়েছে। কিন্তু এটা জনসমক্ষে বলতে চাননি আলভেজ। তিনি ভয় পাচ্ছিলেন, সবাই তার স্ত্রীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করার বিষয়টি জেনে যাবে।’
আপাতত জেলেই সময় কাটাচ্ছেন আলভেজ। তথ্য-প্রমাণে অভিযোগ প্রমাণিত হলে বড় শাস্তি পেতে পারেন ব্রাজিলিয়ান তারকা। কাতালোনিয়ার ব্রায়ান্স-১ পেনিটেনশিয়ারি সেন্টারে অ্যাডমিশন বিভাগে বন্দি আছেন আলভেজ। আদালতের পরবর্তী সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত এখানেই আটক থাকবেন আলভেজ।