× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উচ্চতার চ্যালেঞ্জে ইংল্যান্ড, দুর্দান্ত ছন্দে মেক্সিকো

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২ ঘণ্টা আগে

আপডেট : ২ ঘণ্টা আগে

শেষ ষোলোতে মেক্সিকো ও ইংল্যান্ড। ছবি: সংগৃহীত

শেষ ষোলোতে মেক্সিকো ও ইংল্যান্ড। ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফুটবলের শেষ ষোলোর অন্যতম আকর্ষণীয় লড়াইয়ে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও স্বাগতিক মেক্সিকো। সোমবার সকাল ৬টায় মেক্সিকো সিটির ঐতিহাসিক এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ।

সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২,২০০ মিটার উচ্চতায় অবস্থিত আজতেকা স্টেডিয়ামের কঠিন পরিবেশ ইংল্যান্ডের জন্য বাড়তি চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

ইংল্যান্ড শেষ বত্রিশে কঠিন পরীক্ষার মুখে পড়েছিল। কঙ্গোর বিপক্ষে শুরুতে পিছিয়ে পড়ার পর শেষ ১৫ মিনিটে অধিনায়ক হ্যারি কেনের জোড়া গোলে ২-১ ব্যবধানে জয় তুলে নেয় থ্রি লায়ন্সরা। ব্রায়ান সিপেঙ্গার গোলে কঙ্গো এগিয়ে গেলেও কেনের দুর্দান্ত প্রত্যাবর্তনে রক্ষা পায় ইংল্যান্ড। এই বিশ্বকাপে এখন পর্যন্ত পাঁচ গোল করে গোল্ডেন বুটের দৌড়েও শক্ত অবস্থানে আছেন ইংলিশ অধিনায়ক।

তবে জয় পেলেও ইংল্যান্ডের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন থেকেই গেছে। কঙ্গোর বিপক্ষে ম্যাচে প্রথম অন-টার্গেট শট নিতে তাদের লেগেছিল ৩০ মিনিট। বিশ্বকাপে ইংল্যান্ডের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ অপেক্ষা। ফলে কোচ থমাস টুখেলের দলের সামনে এবার আরও বড় পরীক্ষা।

অন্যদিকে স্বাগতিক মেক্সিকো দুর্দান্ত ছন্দে রয়েছে। শেষ বত্রিশে ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়ে আত্মবিশ্বাসে টইটম্বুর এল ত্রি। হুলিয়ান কুইনোনেস প্রথম গোল করার পর রাউল জিমেনেজকে দিয়ে দ্বিতীয় গোল করান। এই জয়ে ৪০ বছরের নকআউট অভিশাপ কাটিয়েছে মেক্সিকো; ১৯৮৬ সালের পর প্রথমবার বিশ্বকাপের নকআউট ম্যাচ জিতেছে তারা।

পরিসংখ্যানও মেক্সিকোর পক্ষেই কথা বলছে। টুর্নামেন্টে চার ম্যাচে চার জয়, এখনও কোনো গোল হজম করেনি দলটি। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ছয় জয়ের পাশাপাশি ১২ ম্যাচ ধরে অপরাজিত রয়েছে তারা। আরও বড় শক্তি তাদের ঘরের মাঠ আজতেকা। এই স্টেডিয়ামে বিশ্বকাপের ইতিহাসে মেক্সিকো কখনও হারেনি। ১০ ম্যাচে ৮ জয় ও ২ ড্র তাদের দখলে।

তবে মুখোমুখি পরিসংখ্যানে এগিয়ে ইংল্যান্ড। দুই দলের সর্বশেষ চার দেখায় জয় পেয়েছে থ্রি লায়ন্সরা। যদিও ২০১০ সালের পর আর মুখোমুখি হয়নি এই দুই দল।

দলগত পরিস্থিতিতে ইংল্যান্ডের কিছু দুশ্চিন্তা রয়েছে। ডেকলান নাইস কঙ্গোর বিপক্ষে ক্র্যাম্প নিয়ে মাঠ ছাড়লেও গুরুতর চোট নয় বলে জানা গেছে। তবে রিস জেমস ও জারেল কোয়ানশার অনুপস্থিতি রক্ষণে প্রভাব ফেলতে পারে। আক্রমণে বুকায়ো সাকা ও অ্যান্থনি গর্ডন শুরুর একাদশে জায়গার দাবিদার।

মেক্সিকো শিবিরে অবশ্য স্বস্তির বাতাস। ১৭ বছর বয়সী মিডফিল্ডার গিলবার্তো মোরা ইতিহাস গড়ে নকআউট ম্যাচে প্রথম একাদশে নেমে নজর কাড়েন। কিংবদন্তি পেলের পর সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের নকআউট ম্যাচে শুরুর একাদশে জায়গা করে নেন তিনি। কোচ হাভিয়ের আগুইরে এবার তরুণ মোরার ওপর আস্থা রাখবেন, নাকি অভিজ্ঞ বিকল্প বেছে নেবেন তা দেখার বিষয়।

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা