প্রবা প্রতিবেদন
প্রকাশ : ৩ ঘণ্টা আগে
আর্জেন্টিনার ক্রিশ্চিয়ান রোমেরো তাদের জয়সূচক গোলের পর উদযাপন করছেন। ছবি: রয়টার্স
কেপ ভার্দের কঠিন প্রতিরোধ ভেঙে অতিরিক্ত সময়ে ৩-২ গোলের নাটকীয় জয় তুলে নিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
মায়ামিতে ৬৪ হাজার ৪৭৮ দর্শকের সামনে অনুষ্ঠিত ম্যাচে দুইবার পিছিয়ে পড়েও সমতায় ফিরেছিল বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া কেপ ভার্দে।
তবে শেষ পর্যন্ত আত্মঘাতী গোলেই তাদের স্বপ্ন ভেঙে যায়।
২৯তম মিনিটে লিসান্দ্রো মার্তিনেসের বাড়ানো বল দারুণ নিয়ন্ত্রণে এনে বাম পায়ের নিখুঁত শটে আর্জেন্টিনাকে এগিয়ে দেন লিওনেল মেসি। এটি ছিল বিশ্বকাপে তার ২০তম গোল।
তবে দ্বিতীয়ার্ধে অধিনায়ক রায়ান মেন্ডেসের পাস থেকে ডেরয় দুয়ার্তের জোরালো শটে সমতা ফেরায় কেপ ভার্দে।
নির্ধারিত সময়ে ১-১ সমতার পর খেলা গড়ায় অতিরিক্ত সময়ে।
সেখানে প্রথমার্ধের দ্বিতীয় মিনিটে লিসান্দ্রো মার্তিনেস দুর্দান্ত শটে আবারও এগিয়ে দেন আর্জেন্টিনাকে।
কিন্তু হাল না ছেড়ে বাঁকানো দৃষ্টিনন্দন শটে ২-২ সমতা ফেরান সিডনি লোপেস কাবরাল।
শেষ পর্যন্ত অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধের ষষ্ঠ মিনিটে মেসির কর্নার থেকে ক্রিস্তিয়ান রোমেরোর হেড কেপ ভার্দের ডিনেই বোর্হেসের হাতে লেগে জালে জড়ায়।
আত্মঘাতী সেই গোলই আর্জেন্টিনাকে ৩-২ ব্যবধানে জয় এনে দেয়।
আগামী মঙ্গলবার আটলান্টায় মিসরের বিপক্ষে শেষ ষোলোর ম্যাচ খেলবে আলবিসেলেস্তেরা।
ম্যাচ শেষে নিজের ১০০তম ম্যাচ পরিচালনা করা আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি বলেন, ম্যাচটি ছিল ভীষণ কঠিন। তবে তার দল কখনও হাল ছাড়ে না।
পাশাপাশি তিনি কেপ ভার্দের দুর্দান্ত লড়াইয়েরও প্রশংসা করেন।
হেরে গেলেও কেপ ভার্দে নজর কেড়েছে দারুণ দলীয় সমন্বয়, শৃঙ্খলিত রক্ষণ এবং সাহসী ফুটবলে।
বিশ্ব র্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে থাকা দলটি স্পেন, উরুগুয়ে ও সৌদি আরবের বিপক্ষে যেমন লড়াই করেছিল, তেমনি বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকেও দীর্ঘ সময় আটকে রাখে।
কেপ ভার্দের কোচ বুবিস্তা বলেন, দলের অর্জন নিয়ে তিনি গর্বিত। বিশ্বকাপে তাদের পারফরম্যান্স প্রমাণ করেছে, ছোট দেশ হলেও তারা বড় দলের সঙ্গে সমানতালে লড়তে পারে।