প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১ ঘণ্টা আগে
লিওনেল মেসি। ছবি: মালাই মেইল/এপি
২০২৬ ফিফা বিশ্বকাপের সবচেয়ে বড় চমকের নাম আফ্রিকার ক্ষুদ্র দেশ কেপ ভের্দে। নিজেদের অভিষেক বিশ্বকাপেই রূপকথার জন্ম দিয়ে তারা জায়গা করে নিয়েছে শেষ ৩২-এ।
গ্রুপ পর্বে স্পেন ও উরুগুয়ের মতো জায়ান্টদের রুখে দিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দেওয়া এই দলটির সামনে এবার বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তবে মহারণের আগে ফুটবল জাদুকর লিওনেল মেসিকে নিয়ে মোটেও ভীত নয় কেপ ভের্দে শিবির।
দলের তরুণ ডিফেন্ডার সিডনি লোয়েস কাবরাল স্পষ্ট জানিয়েছেন, মেসিকে নিয়ে বাড়তি কোনো চাপ নিচ্ছেন না তারা। ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “সত্যি বলতে, আমাদের দলের কেউ ভীত নয়। আমরা যদি সারাক্ষণ মাথায় রাখি যে সামনে মেসি খেলছে, তবে আমাদের স্বাভাবিক ছন্দ ব্যাহত হবে। আমরা কেবল নিজেদের পরিকল্পনা ও কৌশলে মনোযোগ দিচ্ছি।”
তুরস্কের ক্লাব ট্রাবজোনস্পরে খেলা ২৩ বছর বয়সি এই ডিফেন্ডার আরও যোগ করেন, “মাঠে মেসি বল পেলে অবশ্যই তা বিশেষ কিছু, কিন্তু দিনশেষে ম্যাচটা ১১ জনের বিরুদ্ধে ১১ জনের। আমাদের কোচের মূল মন্ত্র হলো আমরা একটা পরিবার। সারাক্ষণ মেসির কথা ভাবলে নিজের সহজাত খেলাটাই আমরা ভুলে যাব।”
গ্রুপ পর্বে স্পেনের বিরুদ্ধে গোলশূন্য ড্র এবং উরুগুয়ের সঙ্গে ২-২ গোলে সমতা কেপ ভের্দের আত্মবিশ্বাসকে অন্য উচ্চতায় নিয়ে গেছে। বিশেষ করে স্পেনের বিস্ময় বালক লামিন ইয়ামালকে সফলভাবে আটকে দেওয়ার অভিজ্ঞতা আর্জেন্টিনা ম্যাচে কাজে লাগাতে চান কাবরাল। তিনি বলেন, “সবাই যখন আমাদের হালকাভাবে নেয়, তখনই আমরা নিজেদের সেরাটা দিতে পারি। আন্ডারডগ হিসেবেই আমরা আর্জেন্টিনাকে কঠিন চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত।”