× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আর্জেন্টিনার সামনে কেপ ভার্দে

মেসিময় আরেকটি ভোরের অপেক্ষা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ২ ঘণ্টা আগে

বাংলাদেশ সময় ভোর ৪টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে মুখোমুখি হবে চলতি আসরে ঝড় তোলা দুই দল আর্জেন্টিনা ও কেপ ভার্দে। ছবি: সংগৃহীত

বাংলাদেশ সময় ভোর ৪টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে মুখোমুখি হবে চলতি আসরে ঝড় তোলা দুই দল আর্জেন্টিনা ও কেপ ভার্দে। ছবি: সংগৃহীত

চলতি বিশ্বকাপে নকআউট পর্বের শুরু থেকেই চলছে অঘটন আর নাটকীয়তা। তবে জায়ান্টদের পতনের মধ্যেও নকআউটের প্রথম বাধা পেরিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। পিছিয়ে পড়েও শেষ মুহূর্তের গোলে জাপানকে হারিয়ে শেষ ষোলোর ছাড়পত্র পেয়েছে হেক্সা মিশনে থাকা দলটি।

এবার পালা গতবারের চ্যাম্পিয়ন লিওনেল মেসির আর্জেন্টিনার। শেষ ৩২-এর বাধা পেরোনের চ্যালেঞ্জে মেসিদের প্রতিপক্ষ বিস্ময়ের পর বিস্ময় সৃষ্টি করা কেপ ভার্দে। শনিবার বাংলাদেশ সময় ভোর ৪টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে মুখোমুখি হবে চলতি আসরে ঝড় তোলা দুই দল আর্জেন্টিনা ও কেপ ভার্দে।

বিশ্বকাপের গ্রুপপর্বের লড়াই শেষে জমে উঠেছে রাউন্ড অব ৩২-এর লড়াই। দলগুলো একে অন্যকে মরণ কামড় দিচ্ছে সুযোগ পেলেই। ইতিহাস, ঐতিহ্য ও পরিসংখ্যানকে বুড়ো আঙুল দেখিয়ে জায়ান্টদের সমানে সমান টক্কর দিচ্ছে অপেক্ষাকৃত ছোট দলগুলো। প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে ধরাশায়ী হয়ে বিদায় নিয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। এ ছাড়া বিশ্বকাপের আরেক ফেবারিট নেদারল্যান্ডসের নাম লিখিয়েছে ঝরে যাওয়াদের মিছিলে। টাইব্রেকারে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে ডাচদের।

চলতি আসরে ছোট-বড়র হিসাব বদলে যাচ্ছে। অবাক করা সব কাণ্ড-কীর্তি করে যাচ্ছে পুঁচকে দেশ কেপ ভার্দে। এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত অজেয় গৌরব ধরে রেখেছে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা দলটি। বলা যায় মেসি মহাকাব্য লিখছেন আর কেপ ভার্দে লিখছে রূপকথা। কেপ ভার্দের এই যে রূপকথার উত্থানের প্রধানতম রূপকার দলটির গোলরক্ষক ভোজিনিয়া। ইতিহাস-ঐতিহ্য-অর্জনে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও এই আসরে নতুন দিনের গান পরিবেশন করছে কেপ ভার্দে। প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা কেপ ভার্দে গ্রুপপর্বে রুখে দিয়েছে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ও উরুগুয়েকে। দলটির গোলরক্ষক ভোজিনিয়া চীনের মহাপ্রাচীর হয়ে দাঁড়িয়েছে গোলপোস্টের নিচে। এই এদিকে দুর্দান্ত ফর্মে থাকা লিওনেল মেসি গড়ে তুলেছেন সৌধের পর সৌধ। ৩ ম্যাচে ৬ গোল নিয়ে দারুণ ছন্দে আছেন বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। দলটির মূল শক্তি তাদের টিম বন্ডিং। তারপরও দুশ্চিন্তার ভাঁজ কোচ স্কালিনির কপালে। মেসি ছাড়া বাকিরা যেন জ্বলেই উঠতে পারছেন না তেমন। সব মিলিয়ে ভক্তদের স্বপ্নপূরণের জন্য ভোজিনিয়ার বিশ্বস্ত হাতকে পরাস্ত করতে হবে মেসিকে।

এর আগে বিশ্ব ফুটবলে অর্জন বলতে কিছুই ছিল না আফ্রিকার ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দের। দুদলের র‌্যাঙ্কিংয়ের পার্থক্য দেখলেই বিষয়টা সুস্পষ্ট হয়। ফিফা র‌্যাঙ্কিংয়ে কেপ ভার্দে অবস্থান করছে ৬৭ নম্বরে। আর মেসির আর্জেন্টিনা আছে এক নম্বরে। তারপরও বিশ্বকাপে অভিষিক্ত দলটিকে যথেষ্ট সমীহ করছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি। সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমি যদি বলি তারা কঠিন প্রতিপক্ষ নয়, তাহলে সেটা মিথ্যা হবে। আমি নিশ্চিত করে বলতে পারি তারা ভালো দল এবং আমাদের জন্য কঠিন চ্যালেঞ্জ তৈরি করবে।”

অন্যদিকে মেসিদের বিপক্ষে এই লড়াইয়ের আগে কেপ ভার্দে কোচ বুবিস্তার আত্মবিশ্বাসী ঘোষণা, ‘আমাদের কাছে কোনো কিছুই অসম্ভব নয়।’ তবে ম্যাচের আগে দুশ্চিন্তার কারণ কেপ ভার্দে অধিনায়ক রায়ান মেন্দেস। তার বিরুদ্ধে উঠেছে ধর্ষণের অভিযোগ। চলতি বছর মার্চে নিউজিল্যান্ডে ফিফা সিরিজ চলাকালীন কেপ ভার্দের সঙ্গে যুক্ত এক তরুণী রায়ানের বিরুদ্ধে ধর্ষণ ও মারধরের অভিযোগ করেছেন। 

এদিকে পুরো কেপ ভার্দে দ্বীপপুঞ্জ কার্যত এখন উৎসবের দেশ। সাধারণ মানুষ থেকে শুরু করে দেশটির প্রেসিডেন্ট হোসে মারিয়া নেভেসও মেসিদের হারানোর স্বপ্নে বিভোর। সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে নেভেস বলেছেন, ‘আমার মনে হয়, কেপ ভার্দে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারাতে পারে।’ তার ভাষায়, ‘আমরা জেতার জন্যই খেলছি। কেপ ভার্দের মতো একটি ছোট দেশের সব সময় এই চেষ্টাই করা উচিত যে মানুষকে প্রতিনিয়ত চমকে দেওয়া।’


কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য ফরমেশন

 ৪-৩-৩ 

গোলরক্ষক

এমিলিয়ানো মার্তিনেজ

রক্ষণভাগ

নাহুয়েল মোলিনা, নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো

মধ্যমাঠ

রদ্রিগো ডি পল, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ

আক্রমণভাগ

লিওনেল মেসি এবং লাউতারো মার্তিনেজ (হুলিয়ান আলভারেজ)।


কেপ ভার্দের সম্ভাব্য ফরমেশন

৫-৪-১

গোলরক্ষক 

ভোজিনিয়া

রক্ষণভাগ

স্টিভেন মোরেরা, পিকো লোপেস, জোয়াও পাওলো ফার্নান্দেজ, ডিনেই বোর্জেস এবং সিডনি ক্যাব্রাল

মধ্যমাঠ

কেভিন পিনা, তেলমো আরকানজো, রায়ান মেন্দেস, গ্যারি রদ্রিগেজ

আক্রমণভাগ

গিলসন বেঞ্চিমোল

শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা